গেটে লেখা ‘চোর’, ‘গদ্দার’! বিক্ষোভের পর মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ি গঙ্গাজলে পবিত্র করার পেছনের আসল কারণ কী?

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজনৈতিক তরজা তুঙ্গে। সম্প্রতি তাঁর বাড়ির বাইরে বিক্ষোভ প্রদর্শন ও কুরুচিকর স্লোগান দেওয়ার ঘটনার পর এবার চাঞ্চল্যকর পদক্ষেপ নিল তাঁর পরিবার। মঙ্গলবার উত্তরপ্রদেশের আগ্রায় সিইসি-র পৈতৃক বাসভবনে গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর পাশাপাশি বাড়িতে ‘সুন্দরকাণ্ড’ পাঠ ও বিশেষ পুজো অর্চনারও আয়োজন করা হয়।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় একটি মন্দির থেকে গঙ্গাজল ভর্তি ‘কলশ যাত্রা’ নিয়ে এসে ওই ধর্মীয় আচার পালন করা হয়। সম্প্রতি জ্ঞানেশের বাড়ির মূল ফটকে ‘চোর’, ‘গদ্দার’ ইত্যাদি আপত্তিকর স্লোগান লিখে বিক্ষোভ দেখিয়েছিলেন কংগ্রেস কর্মীরা। এই ঘটনার পর থেকেই সিইসি-র বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনে প্রতিবাদের সুর আরও চড়েছে।

এই পরিস্থিতিতে জ্ঞানেশ কুমারের মা সত্যবতী গুপ্তা ক্ষোভপ্রকাশ করে জানান, গত ২৮ সেপ্টেম্বরের বিক্ষোভের পর থেকে পৈতৃক বাড়ির পরিবেশ অত্যন্ত কলুষিত হয়ে পড়েছিল। দরজায় কুরুচিকর কথা লেখা এবং খারাপ ভাষা ব্যবহারের কারণে শান্তি ফেরাতেই মন্দির থেকে গঙ্গাজল এনে সুন্দরকাণ্ড পাঠের মাধ্যমে বাড়িটি শুদ্ধ করা হয়েছে। রাজনৈতিক উত্তাপের মাঝেই সিইসি-র বাড়ি ঘিরে এই শুদ্ধিকরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *