হঠাৎ ঘিরে ধরল বাইক, তারপরই ঝাঁঝরা বুলেট! তরন তারানে খুন ‘আপ’ সরপঞ্চ, চালকের অবস্থা আশঙ্কাজনক

দিনের আলোয় মাঝরাস্তায় তাণ্ডব দুষ্কৃতীদের। বন্দুকবাজদের গুলিতে প্রাণ হারালেন আম আদমি পার্টির (AAP) নেতা তথা স্থানীয় গ্রামের সরপঞ্চ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের তরন তারান জেলার টুট বাস স্ট্যান্ড এলাকায়। নিহতের নাম অশ্বিনী কুমার। এই প্রাণঘাতী হামলায় গুরুতর আহত হয়েছেন তাঁর গাড়িচালকও।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে নিজের দোকান থেকে মান্ডি ভাঙ্গালায় অবস্থিত কমিশন দোকানে যাচ্ছিলেন টুট গ্রামের সরপঞ্চ অশ্বিনী কুমার। সঙ্গে ছিলেন তাঁর চালক। টুট বাস স্টেশনের কাছে একটি মোড়ে গাড়ি ঘোরানোর সময় আচমকাই একটি মোটরবাইকে চেপে হাজির হয় সশস্ত্র দুষ্কৃতীরা। গাড়িটি ঘেরাও করে কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা।

হামলার মুখে পড়ে আত্মরক্ষার বিন্দুমাত্র সুযোগ পাননি অশ্বিনী কুমার। তাঁর শরীরে প্রায় চার থেকে পাঁচটি গুলি লাগে। চালকের শরীরেও দুটি গুলি বিদ্ধ হয়। চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত পাত্তির সান্ধু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অশ্বিনী কুমারকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত চালক, তাঁর শরীর থেকে গুলি বের করার প্রক্রিয়া চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার বর্ণনা দিয়ে চালক পুলিশকে জানান, মোড়ে গাড়ি ধীর হতেই আচমকা বাইক নিয়ে দুষ্কৃতীরা সামনে চলে আসে এবং মুহূর্তের মধ্যে গুলি চালাতে শুরু করে। অপরাধ ছড়ানোর পরই হামলাকারীরা নির্বিঘ্নে চম্পট দেয়।

প্রকাশ্য দিবালোকে এমন শিউরে ওঠা হত্যাকাণ্ডে সমগ্র এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেনসিক টিম। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে কী কারণে বা কোন শত্রুতায় এই হামলা চালানো হলো, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ চালকের বয়ান নথিভুক্ত করে অপরাধীদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *