কবে থেকে মিলবে শুষ্ক আবহাওয়া? জেন নিন পুজোর ঠিক আগের ৭ দিনের ওয়েদার রিপোর্ট

পুজোর বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। কিন্তু এই আনন্দঘন মুহূর্তের ঠিক আগে থেকেই লাগাতার বৃষ্টি দেখে চলেছে গোটা বাংলা। মঙ্গলবার সকালেও যেমন কলকাতার আকাশ ছিল মেঘলা এবং বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, তেমনই দক্ষিণবঙ্গের একাধিক জেলা ও উত্তরবঙ্গেও চলছে বর্ষণের ধারা। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—আর কতদিন চলবে এই বৃষ্টি? পুজোর আগে কি আদৌ দুর্যোগ থেকে মিলবে মুক্তি? এই বিষয়েই এবার স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৭ দিন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে, তার সম্পূর্ণ আপডেট দিল আইএমডি (IMD)।

প্রথম দিন (৬ অক্টোবর দুপুর থেকে ৭ অক্টোবর সকাল)

আজ মঙ্গলবার দুপুর ১টা থেকে আগামী বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরের কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার জন্য সতর্কতাও জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দ্বিতীয় দিন (৭ অক্টোবর থেকে ৮ অক্টোবর সকাল)

বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা এবং দুই দিনাজপুর ও মালদায় বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে।

তৃতীয় দিন (৮ অক্টোবর থেকে ৯ অক্টোবর সকাল)

বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই (কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া) অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির দেখা মিলবে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

চতুর্থ দিন (৯ অক্টোবর থেকে ১০ অক্টোবর সকাল)

শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গ তুলনামূলক স্বস্তিতে থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং থেকে কোচবিহার পর্যন্ত কিছু এলাকায় ঝড়-বৃষ্টির রেশ বজায় থাকলেও দুই দিনাজপুর ও মালদায় কোনো সতর্কতা নেই।

পঞ্চম দিন (১০ অক্টোবর থেকে ১১ অক্টোবর সকাল)

শনিবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় স্পষ্ট উন্নতির দেখা মিলবে। কেবল দু-এক জায়গায় সামান্য হালকা বৃষ্টি হতে পারে, তবে বড় কোনো সতর্কবার্তা নেই। উত্তরবঙ্গেও বৃষ্টি উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে কেবল বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

ষষ্ঠ ও সপ্তম দিন (১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর)

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার (১১ অক্টোবর) দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক ও পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের দুই দিনাজপুর ও মালদাতেও আকাশ পরিষ্কার থাকবে। তবে পাহাড়ি এলাকার এক-দু’টি জায়গায় সামান্য হালকা বৃষ্টি হতে পারে। অবশেষে আগামী সোমবার (১২ অক্টোবর) থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ—অর্থাৎ গোটা রাজ্য জুড়েই আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক ও মেঘমুক্ত থাকবে। আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস বা সতর্কতা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *