কে এই নেহা বোরা? সেনাকর্তার মেয়ে কীভাবে হয়ে উঠলেন দেশের অন্যতম প্রতিবাদী মুখ?

“বাংলা বারবার নিজেকে, প্রগতিশীল চিন্তাকে এবং গণতন্ত্রকে রক্ষা করেছে। আজ বাংলার দায়িত্ব শুধু নিজের মাটিকে নয়, গোটা দেশ ও গণতন্ত্রকে রক্ষা করা।” যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাঁড়িয়ে ঠিক এভাবেই বাংলা ও বাঙালির ভূমিকার কথা তুলে ধরলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও আটকের ঘটনার পর সোজা কলকাতায় এসে এদিনের ভাষণে চাঞ্চল্য ছড়ালেন এই প্রতিবাদী নেত্রী।
কে এই নেহা বোরা?
নেহার মুখে বাংলার গুণগান শুনে অবাক হওয়ার কিছু নেই, কারণ বাংলার সঙ্গে তাঁর বহু পুরনো যোগ রয়েছে। উত্তরাখণ্ডের খাটিমার বাসিন্দা হলেও, তাঁর বাবা সেনাবাহিনীতে কর্মরত থাকায় দেশের বিভিন্ন প্রান্তে কাটাতে হয়েছে তাঁকে। সেই সুবাদে বেশ কয়েক বছর উত্তরবঙ্গে কাটিয়েছেন নেহা এবং শিলিগুড়িতে থেকেই পড়াশোনা করেছিলেন।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও তিনি বেশ এগিয়ে। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন এবং আম্বেদকর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে বর্তমানে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU) থেকে পিএইচডি করছেন নেহা। তবে পেশাগত পড়াশোনার চেয়ে তাঁর রাজনৈতিক ও ছাত্র আন্দোলনের পরিচিতিই তাঁকে আজ জাতীয় স্তরের লাইমলাইটে নিয়ে এসেছে। সেনাকর্তা বাবা ও বামপন্থী নেত্রী মেয়ের এই দ্বৈরথও মাঝেমধ্যে চর্চার বিষয় হয়ে ওঠে।
কীভাবে উঠে এলেন লাইমলাইটে?
সাম্প্রতিক সময়ে একের পর এক বড় আন্দোলনে অংশ নিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন নেহা বোরা। গত ২০২৬ সালে দিল্লির যন্তর মন্তরে নিট (NEET) প্রশ্নফাঁস এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে তিনি জাতীয় স্তরে পরিচিতি পান। ওই আন্দোলনে পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে টানা ২৩ দিন অনশন চালিয়ে যান তিনি।
এরপর ‘সংসদ চলো’ মিছিলে ছাত্র-যুবকদের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে দিল্লি পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি তোলেন। শিক্ষার বেসরকারিকরণ, গণপিটুনি, পেপার ফাঁস, বিলকিস বানোর বিচার সহ নানা জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে নিয়মিত সরব থেকেছেন তিনি। চলতি মাসে ঝাড়খণ্ড ও দিল্লির বিভিন্ন আন্দোলনে পুলিশের হাতে আটক হওয়ার পর তাঁর প্রতিবাদী মুখ ও বিদ্রোহী বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। সবমিলিয়ে বর্তমান ছাত্র আন্দোলনের অন্যতম প্রভাবশালী ও আলোচিত মুখ এখন নেহা বোরা।