উত্তরপ্রদেশের রাজ্যসভা প্রার্থী তালিকা থেকে ঝুড়ো ছাঁটাই! নাম নেই দুই হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীর, নেপথ্যের কারণ কী?

আসন্ন রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির (BJP) প্রকাশিত প্রার্থী তালিকা ঘিরে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে তীব্র জল্পনা। বিশেষ করে উত্তরপ্রদেশের রাজ্যসভার ৮ জন প্রার্থীর যে তালিকা দলীয়ভাবে ঘোষণা করা হয়েছে, তাতে জায়গা পাননি দুই হাই-প্রোফাইল কেন্দ্রীয় মন্ত্রী— হরদীপ সিং পুরী এবং বি এল বর্মা। আর ঠিক এই জায়গাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি আসন্ন উৎসবের মরশুমের আগেই নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কোনো বড়সড় রদবদল ঘটতে চলেছে?
রাজনৈতিক মহলের মতে, বর্তমান কার্যকালের মেয়াদ শেষের পথে হলেও এই দুই হেভিওয়েট মন্ত্রীকে পুনরায় রাজ্যসভায় না পাঠানোর সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি দলীয় সমীকরণ বদলাচ্ছে নাকি তাঁদের অন্য কোনো দায়িত্ব দেওয়ার কথা ভাবছে শীর্ষ নেতৃত্ব? বর্তমান নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী পদে থাকতে হলে তাঁদের যেকোনো একটি কক্ষের সাংসদ হওয়া বাধ্যতামূলক। ফলে এই দুই মন্ত্রীকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক অন্দরে এখন গুঞ্জনের শেষ নেই।
এদিকে, উত্তরপ্রদেশের এই রাজ্যসভা নির্বাচনে বিজেপির প্রকাশিত নতুন তালিকায় ঠাঁই পেয়েছেন ধর্মপাল সিং, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সোণকর, গোপী কৃষ্ণ পান্ডে, প্রিয়াঙ্কা সিং রাওয়াত, রাম প্রতাপ সিং চৌহান এবং শ্রুতি গঙ্গওয়ারের মতো মুখগুলি। আগামী ১৬ অক্টোবর এই নির্বাচন হওয়ার কথা থাকলেও, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দুই কেন্দ্রীয় মন্ত্রীর বাদ পড়ার ঘটনাটিই সবথেকে বেশি নজর কেড়েছে ওয়াকিবহাল মহলের।