মোদীর ‘প্রজেক্ট চিতা’য় বিরাট সাফল্য: একঝটকায় বাড়ল সংখ্যা, জন্মাল ৫টি ফুটফুটে শাবক

ভারতের মাটিতে বন্যপ্রাণী সংরক্ষণে ফের বড় সাফল্য। মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে জন্ম নিল পাঁচটি চিতাশাবক। সোমবার এই ৫টি শাবকের পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গেই দেশের মাটিতে চিতার মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০টিতে। এর মধ্যে ৪১টি চিতারই জন্ম হয়েছে ভারতের মাটিতে, যা এই প্রকল্পকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব সোশ্যাল মিডিয়ায় এই সুখবর শেয়ার করেছেন। তিনি জানান, ৩২ মাস বয়সি মাদী চিতা ‘KJP21’-এর কোল আলো করে এসেছে এই পাঁচটি শাবক। এর আগে ‘মুখী’ ও ‘KGP12’-এর পর ‘KJP21’ হলো তৃতীয় চিতা, যে ভারতে জন্ম নিয়েও সফলভাবে মাতৃত্বের স্বাদ পেল। বর্তমানে শাবকগুলি ও তাদের মা সম্পূর্ণ সুস্থ রয়েছে।

বন দফতর সূত্রে খবর, এই শাবকগুলির জন্ম শুধু সংখ্যা বাড়ানোর দিক থেকেই নয়, বরং জিনগত বৈচিত্র্যের দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নবজাতক এই পাঁচ শাবকের বাবা হলো বোতসোয়ানা থেকে নিয়ে আসা একটি পুরুষ চিতা। এর ফলে ভারতের মাটিতে বেড়ে ওঠা চিতার পরিবারে বোতসোয়ানার একটি নতুন জিনগত বংশধারার সূচনা হলো, যা দেশের বন্যপ্রাণী বিশেষজ্ঞদের ভীষণভাবে উৎসাহিত করেছে।

সাত দশক আগে ভারত থেকে চিতা পুরোপুরি বিলুপ্ত হয়ে গিয়েছিল। তবে বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সেই হারানো গৌরব ফিরতে শুরু করেছে দেশের জঙ্গলে। কুনো জাতীয় উদ্যান তো বটেই, পাশাপাশি গান্ধী সাগর অভয়ারণ্যেও চিতা পুনর্বাসনের কাজ জোরকদমে চলছে। একের পর এক শাবকের জন্ম প্রমাণ করছে, ভারতের জলবায়ু এবং বন্য পরিবেশ চিতাগুলোর বসবাসের জন্য এখন পুরোপুরি উপযোগী হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *