পুজোর মুখে বিরাট উপহার রেলের! মালদহ থেকে সোজা হরিদ্বার স্পেশাল ট্রেন, কবে থেকে শুরু বুকিং?

দুর্গাপুজো ও উৎসবের মরশুম মানেই ঘরমুখী মানুষের ঢল এবং ট্রেনগুলিতে উপচে পড়া ভিড়। বিশেষ করে পুজো বা ছুটির কটা দিনে উত্তর ভারতগামী ট্রেনগুলিতে তিল ধারণের জায়গা থাকে না। অতিরিক্ত যাত্রীদের এই চাপ সামাল দিতে এবং পুজোয় পুণ্যার্থীদের যাতায়াত সহজ করতে এবার মালদা টাউন থেকে হরিদ্বার পর্যন্ত একটি বিশেষ পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)।
কবে থেকে কবে চলবে এই স্পেশাল ট্রেন?
রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, উৎসবের মরশুমে ধর্মীয় পর্যটন ও গঙ্গার পবিত্র পরিবেশে সময় কাটাতে হরিদ্বারের টানে বহু মানুষ যাতায়াত করেন। সেই কথা মাথায় রেখেই রেল প্রশাসনের এই বিশেষ উদ্যোগ:
মালদহ থেকে ছাড়বে (০৩৪৩৭): আগামী ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত মোট ৭টি ট্রিপে এই ট্রেনটি চালানো হবে। প্রতি শনিবার সকাল ১০টায় মালদা টাউন স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি পরের দিন বিকেল ৫টায় হরিদ্বারে গিয়ে পৌঁছবে।
হরিদ্বার থেকে ছাড়বে (০৩৪৩৮): ফিরতি পথে প্রতি রবিবার হরিদ্বার থেকে মালদার উদ্দেশ্যে রওনা দেবে ট্রেনটি। আগামী ১৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত মোট ৭টি ট্রিপ চলবে। হরিদ্বার থেকে ট্রেনটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছেড়ে পরের দিন রাত ১১টা ৫৫ মিনিটে মালদা টাউনে পৌঁছবে।
ট্রেনের কামরা ও টিকিটের তথ্য
যাত্রীদের সুবিধার জন্য এই স্পেশাল ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার (Sleeper) এবং এসি (AC) কামরার ব্যবস্থা রাখা হয়েছে। তবে ০৩৪৩৭ নম্বর ট্রেনের টিকিট বুকিং কবে থেকে শুরু হবে, সে বিষয়ে রেলের পক্ষ থেকে নির্দিষ্ট দিন পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। যাত্রীদের যেকোনো ধরনের আপডেট ও তথ্যের জন্য অফিশিয়াল রেল ওয়ান (Rail One) অ্যাপে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পুজোয় হরিদ্বার যাওয়ার পরিকল্পনা থাকলে এই ট্রেনটি আপনার যাতায়াত অনেকটাই আরামদায়ক করে তুলবে।