ঘরে বসেই জানান আপনার ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ! রাহুল গান্ধীর এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম কীভাবে কাজ করবে?

মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকীর পবিত্র দিনে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আরও একবার চড়া সুরে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, বর্তমান সরকার সুকৌশলে দেশের সত্য এবং সাধারণ মানুষের কণ্ঠস্বরকে চাপা দিতে ব্যস্ত। কোথাও ছাত্ররা প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে রাস্তায় নামছে, কোথাও আবার কৃষকরা তাঁদের নায্য অধিকারের দাবিতে লড়াই চালাচ্ছেন—দেশের বিভিন্ন প্রান্তের এই বিক্ষিপ্ত আন্দোলনগুলিকে এক ছাতার তলায় আনতে এবং সরকারের ওপর যৌথ চাপ সৃষ্টি করতে ‘সত্যাগ্রহ’ (Satyagraha) নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম বা অ্যাপ চালু করেছেন তিনি।

মহাত্মা গান্ধীর আদর্শকে সামনে রেখে রাহুল গান্ধী বলেন, সত্যই আমাদের সর্বশ্রেষ্ঠ অস্ত্র, আর সেই সত্যের পাশে শক্তভাবে দাঁড়ানোই আসল কাজ। দেশের যেকোনো প্রান্তের মানুষ—তা সে ছাত্র, কৃষক, আদিবাসী, দলিত কিংবা নারীরা হোন না কেন—তাঁদের ওপর চলা যেকোনো অন্যায় বা প্রতিবাদের গল্প এই অ্যাপে মাত্র দুই মিনিটের মধ্যে শেয়ার করার আহ্বান জানিয়েছেন তিনি। এর ফলে দেশের কোন কোন কোণায় কী ধরনের আন্দোলন চলছে, তা একটি নির্দিষ্ট ডিজিটাল মানচিত্রের মাধ্যমে পুরো দেশ দেখতে পাবে। তাঁর মতে, আলাদাভাবে চলা আন্দোলনগুলিকে সহজেই দমন করা যায়, কিন্তু যখন সমস্ত প্রতিবাদ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়, তখন সরকারের ভিত কেঁপে যেতে বাধ্য।

পুলিশি পদক্ষেপ নিয়ে তীব্র নিন্দা: কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকারও তীব্র সমালোচনা করেছেন রাহুল। তিনি অভিযোগ করেন যে, গান্ধী জয়ন্তীর দিনেও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চাওয়া নাগরিকদের ওপর পুলিশি নৃশংসতা চালানো হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যাওয়া সাধারণ মানুষ, ছাত্র এবং কংগ্রেস কর্মীদের যেভাবে বেআইনিভাবে আটক করা হয়েছে, তার তীব্র ধিক্কার জানিয়ে রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, এই অন্যায়ের বিরুদ্ধে দেশের প্রতিটি কোণায় প্রতিবাদের সুর আরও চড়াও হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *