প্রথম দিনেই উপচে পড়া ভিড়, কোন কোন যোজনায় মিলবে টাকা? সেবা সেতু ক্যাম্প নিয়ে নয়া আপডেট

পশ্চিমজুড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ সরকারি শিবির বা ‘সেবা সেতু অভিযান’। আগামী ২ থেকে ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলা এই বিশেষ ক্যাম্পগুলি ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। শুক্রবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন সেবা সেতু ক্যাম্পে সাধারণ মানুষের দীর্ঘ লাইন চোখে পড়েছে। এই বিশেষ শিবিরগুলির সার্বিক প্রস্তুতি ও কাজকর্ম খতিয়ে দেখতে খোদ নিজের বিধানসভা এলাকার ক্যাম্প পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কী জানা যাচ্ছে সেবা সেতু ক্যাম্প সম্পর্কে?

প্রাক্তন সরকারের বিভিন্ন জনমুখী শিবিরের ধাঁচেই জেলায় জেলায় এই ‘সেবা সেতু অভিযান’ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তবে বিশেষত্ব হল, এই ক্যাম্পগুলিতে এবার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক যোজনাগুলিতেও সরাসরি আবেদন করার সুযোগ মিলছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিশেষ ক্যাম্পগুলিতে সরকারি আধিকারিকরা উপস্থিত থেকে সাধারণ মানুষের ফর্ম পূরণ ও পরিষেবা প্রদান করছেন।

কলকাতার কমিশনারেট ও প্রশাসন সূত্রে খবর, শুধুমাত্র তিলোত্তমা শহরেই মোট ৫৪টি সেবা সেতু ক্যাম্প চলছে। আর এই ক্যাম্পগুলির প্রথম দিনেই কেবল কলকাতাতেই ২৮ হাজারের বেশি মানুষ আবেদন জমা দিয়েছেন, যা এককথায় রেকর্ড। বিশেষ করে ‘অন্নপূর্ণা যোজনা’র বকেয়া বা নতুন সুবিধার জন্য সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন বহু মানুষ।

কোন কোন প্রকল্পের সুবিধা মিলছে এই শিবিরে?

সেবা সেতু ক্যাম্পগুলির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের প্রায় ২০টি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ থাকছে। এই তালিকার মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • অন্নপূর্ণা যোজনা

  • প্রধানমন্ত্রী আবাস যোজনা

  • শিক্ষাশ্রী

  • জয় জোহার

  • পিএম কিষান ক্রেডিট কার্ড

  • পিএম কিষান স্বনিধি সহ অন্যান্য জনমুখী প্রকল্প

মুখ্যমন্ত্রীর কড়া বার্তা ও আশ্বাস

ভবানীপুরের জয় হিন্দ ভবনে মুখ্যমন্ত্রী সেবা সেতু ক্যাম্প পরিদর্শন করার সময় স্পষ্ট জানিয়ে দেন, যোগ্য ব্যক্তিরা যাতে প্রতিটি প্রকল্পের ১০০ শতাংশ সুবিধা পান তা নিশ্চিত করা হচ্ছে। যদি কেউ সরকারি প্রকল্পের সুবিধা পেতে বঞ্চিত হন, তবে তাঁরা সরাসরি এই ক্যাম্পে এসে অভিযোগ জানাতে পারবেন। যোগ্যতা অনুযায়ী প্রত্যেকেই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন বলে কড়া ও আশ্বস্তমূলক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *