গরু চোর সন্দেহে খাস বাংলায় ভয়াবহ গণপিটুনি! উন্মত্ত জনতার হামলায় প্রাণ গেল দুই যুবকের।

গরু চোর সন্দেহে আইন নিজের হাতে তুলে নেওয়ার জেরে ভয়ানক পরিণতির সাক্ষী থাকল উত্তরবঙ্গের বাগডোগরা ও মাটিগাড়া এলাকা। শনিবার ভোরে স্থানীয় বাসিন্দাদের বিক্ষুব্ধ গণপিটুনির জেরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন। এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও থমথমে পরিবেশ বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোররাতে একটি পিকআপ ভ্যান ও গাড়ি নিয়ে কয়েকজন ব্যক্তি তারাবাড়ি এলাকায় আসেন। সম্প্রতি ওই অঞ্চলে একাধিক চুরির ঘটনা ঘটায় বাসিন্দারা আগে থেকেই সতর্ক ছিলেন। অপরিচিত গাড়ি ও ব্যক্তিদের দেখতে পেয়ে তাঁদের গরু চোর বলে সন্দেহ করেন স্থানীয়রা। এর পরই তাঁদের ঘিরে ফেলে শুরু হয় ব্যাপক মারধর। ক্ষিপ্ত জনতা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় এবং গাড়ি ভাঙচুর করে।
খবর পেয়ে মাটিগাড়া ও বাগডোগরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুরুতর জহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগে জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। একের পর এক এমন ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।