টাকার উৎস কোথায়? কড়া নজর এবার রাজ্য বিজেপির অন্দরে, এক ধাক্কায় কড়াকড়ি নির্দেশ শীর্ষ নেতৃত্বের!

দলীয় তহবিলের স্বচ্ছতা বজায় রাখতে এবং আর্থিক শৃঙ্খলার ওপর বিশেষ জোর দিতে এবার কঠোর অবস্থান নিল রাজ্য বিজেপি নেতৃত্ব। দলের বিভিন্ন সূত্র থেকে আসা অর্থ এবং তার যত্রতত্র খরচ নিয়ে জেলা ও রাজ্যস্তরের নেতাদের স্পষ্ট এবং কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে বলে খবর।
রাজনৈতিক মহলের মতে, আসন্ন রাজনৈতিক লড়াই ও সাংগঠনিক প্রস্তুতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি দলীয় তহবিলের আয় ও ব্যয়ের হিসাব এক্কেবারে নিখুঁত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন উৎস থেকে দলের ফান্ডে টাকা আসছে এবং সেই অর্থ কোথায় কীভাবে খরচ করা হচ্ছে, তার একটি সুনির্দিষ্ট ও পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তৈরি করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের।
দলীয় সূত্রে খবর, আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোনো রকম অনিয়ম বা অস্বচ্ছতা বরদাস্ত করা হবে না। শীর্ষ নেতৃত্বের এই আকস্মিক ও কঠোর নির্দেশিকা জারির ফলে রাজ্য বিজেপির অন্দরে এখন থেকেই ব্যাপক চাঞ্চল্য ও তোরজোড় শুরু হয়ে গিয়েছে।