২১-এর নন্দীগ্রাম কাণ্ড নিয়ে তুলকালাম! মমতার ‘ভাঙা পা’ নিয়ে যা বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়…

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ভোটপ্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পা জখম হওয়ার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। সম্প্রতি নন্দীগ্রামের এক উপনির্বাচনের প্রচারে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙার দাবি সম্পূর্ণ মিথ্যা ছিল এবং চিকিৎসকদের রিপোর্টেই সেই সত্য লুকিয়ে রয়েছে। শুভেন্দুর এই মন্তব্যের পরেই এবার বিষয়টিতে সুর চড়ালেন তৃণমূল ছেড়ে অন্য রাজনৈতিক পরিমণ্ডলে সক্রিয় থাকা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
২০২১ সালের সেই স্মৃতিচারণ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “মার্চ ২০২১ সালের ঘটনা। স্পেশ্যাল ব্যবস্থা করা হয়েছিল। মঞ্চের আলাদা ব্যবস্থা ছিল। আমিও একাধিক মিটিংয়ে ছিলাম। আজ তো সাংঘাতিক রিপোর্ট আসল। জেতার পরে ব্যান্ডেজ খোলা হয়েছিল। হাড়ে বা সফট টিস্যুতে কোনও আঘাতই ছিল না।”
এরপরই তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, “২১-এর ভোটে আমি ওনার সঙ্গে তিনটে মিটিং করেছি। ‘খেলা হবে, খেলা হবে’ করতেন। এখন বুঝলাম সবটাই মিথ্যাচার।” বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স (Bangur Institute of Neurosciences)-এর রিপোর্টের প্রসঙ্গ টেনে ঋতব্রত দাবি করেন, পুরো ঘটনাটি রাজনৈতিক সুবিধার জন্য সাজানো হয়েছিল।
পাশাপাশি, কটাক্ষের সুরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, তিনি এই সংক্রান্ত মেডিকেল রিপোর্ট সিপিএম নেতা এম এ বেবি এবং কংগ্রেস নেতা জয়রাম রমেশের কাছেও পাঠাবেন। ২০২১ সালের সেই বহুলচর্চিত ‘পা ভাঙার’ দাবি ঘিরে এই নতুন বিতর্ক রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ ছড়াতে শুরু করেছে।