দুর্গাপুজোয় কি নামবে বৃষ্টির মেঘ? মহালয়া থেকে পুজোর ক’দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল আলিপুর

অক্টোবর মাস পড়ে গিয়েছে। আর মাত্র ক’দিন বাদেই বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপুজো। সেপ্টেম্বরে পুজোর বাজার ও প্রস্তুতিতে দফায় দফায় জল ঢেলেছে বৃষ্টি। এমতাবস্থায় পুজোর ক’দিন আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে সাধারণ মানুষের মনে শুরু হয়েছে জল্পনা। অবশেষে পুজোর আবহাওয়ার বড় আপডেট সামনে আনল আলিপুর আবহাওয়া দফতর।
মহালয়া পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দুর্গাপুজোর প্রস্তুতি বা কেনাকাটায় বড়সড় বাগড়া দেবে না বৃষ্টি। মহালয়া পর্যন্ত বাংলায় কোনো ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে এখনই ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে পুরোপুরি রেহাই মিলছে না।
এদিকে, পুজোর মুখেই বঙ্গোপসাগরের উপরে নতুন করে নিম্নচাপ তৈরির আভাস মিলছে। যদিও সেই নিম্নচাপের নির্দিষ্ট অভিমুখ বা গতিপ্রকৃতি এখনও স্পষ্ট করেনি হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গ ও কলকাতার আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। উপকূলের জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে সামান্য বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বহাল থাকবে। তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
কলকাতার ক্ষেত্রেও আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ঘাম মুছতে হবে শহরবাসীকে। দু’এক পশলা হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে রবিবারের পর থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে আজ ও আগামিকাল বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকতে পারে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়ার উন্নতি হবে এবং বৃষ্টি কমবে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় বিহার ও ঝাড়খণ্ড থেকে বর্ষা বিদায়ের পর্ব শুরু হতে পারে। আর বাংলায় পাকাপাকিভাবে বর্ষা বিদায় নিতে পারে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে।