পুজোর আগেই বাম্পার উপহার! অক্টোবরের বেতনের সঙ্গে কি মিলবে বকেয়া ডিএ? বড় খুশির হাওয়া কেন্দ্রীয় কর্মীদের

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত এক বিরাট সুখবর। আগামী উৎসবের মরসুম তথা পুজোর আগেই জুলাই মাসের মহার্ঘভাতা বা বর্ধিত ডিএ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে কেন্দ্র। অল ইন্ডিয়া NPS এমপ্লয়িজ ফেডারেশনের প্রেসিডেন্ট মনজিৎ সিং প্যাটেল জানিয়েছেন যে, কর্মীরা অক্টোবরের বেতনের মাধ্যমেই এই বর্ধিত ডিএ পেতে পারেন। শুধু তাই নয়, এর সঙ্গে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত গত ৬ মাসের বকেয়া ডিএর বর্ধিত অংশও হাতে আসার জোরালো সম্ভাবনা রয়েছে।
কত বাড়তে পারে মহার্ঘ ভাতা?
অর্থনৈতিক বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী, জুলাই মাসের এই সার্কেলে কেন্দ্র সরকার প্রায় ৩ থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করতে পারে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোট ডিএ বেড়ে দাঁড়িয়ে যাবে প্রায় ৬৩ থেকে ৬৪ শতাংশে। বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন। সরকারের এই ঘোষণা বাস্তবায়িত হলে দেশের প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৯ লক্ষ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন।
ইতিমধ্যেই কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্সসহ বিভিন্ন কর্মী সংগঠন দ্রুত বর্ধিত ডিএ এবং ডিআর প্রদানের জন্য অর্থমন্ত্রকের ব্যয় বিভাগের কাছে জোরালো দাবি জানিয়েছে। যদিও সরকারিভাবে এখনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি, তবে বিভিন্ন অর্থনৈতিক রিপোর্টের ইঙ্গিত অনুযায়ী সরকার খুব শীঘ্রই এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিতে পারে। ডিএ ৬৪ শতাংশে পৌঁছালে ন্যূনতম ১৮,০০০ টাকা বেসিক পে-যুক্ত কর্মীরা প্রতি মাসে উল্লেখযোগ্য পরিমাণে বাড়তি বেতন হাতে পাবেন, যা পুজোর আগে তাঁদের উৎসবের আনন্দকে দ্বিগুণ করে তুলবে।