এশিয়ান গেমসের মঞ্চে চরম বিতর্ক! মালয়েশিয়ান নারী কর্মকর্তার গুরুতর অভিযোগে বিতাড়িত ভারতীয় আধিকারিক

২০২৬ সালের এশিয়ান গেমসের ময়দান থেকে এল এক অত্যন্ত অস্বস্তিকর ও লজ্জাজনক খবর। আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ উঠল এক ভারতীয় হকি আধিকারিকের বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই হকি আম্পায়ার ও টেকনিক্যাল কর্মকর্তাকে এশিয়ান গেমস থেকে মাঝপথেই বরখাস্ত করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
ঠিক কী ঘটেছিল জাপানের নাগোজায়?
এশিয়ান গেমসের চলাকালীন জাপানের নাগোয়া থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, এক মালয়েশিয়ান মহিলা হকি কর্মকর্তা এবং হোটেলের এক কর্মচারীর সঙ্গে অসদাচরণ ও যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ওই ভারতীয় আম্পায়ারের বিরুদ্ধে। ওই মহিলা কর্মকর্তা সরাসরি আয়োজক ও এশিয়ান হকি ফেডারেশনের (AHF) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে কতৃপক্ষ। শৃঙ্খলাভঙ্গের দায়ে সঙ্গে সঙ্গেই তাঁকে টুর্নামেন্ট থেকে অব্যাহতি দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়।
হকি ইন্ডিয়ার (Hockey India) পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ান হকি ফেডারেশনের তরফে পুরো ঘটনাটির বিস্তারিত রিপোর্ট হাতে আসার পরেই ওই অভিযুক্তের বিরুদ্ধে আরও কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে ভারতীয় প্রতিনিধির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় ক্রীড়ামহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।