মাঝরাতে পর্দা ফাটানো চমক! নতুন ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে এন্ট্রি নিয়েই সব লাইমলাইট কেড়ে নিলেন ভাইজান

বলিউডের ভাইজান মানেই খবরের শিরোনামে নতুন চমক। বৃহস্পতিবার গভীর রাতে মুম্বইয়ে আয়োজিত হল নতুন রোমান্টিক কমেডি ড্রামা ছবি ‘প্রেম কিটানু’-র বিশেষ স্ক্রিনিং। আর সেই ইভেন্টেই হঠাৎ উপস্থিত হয়ে সমস্ত লাইমলাইট কেড়ে নিলেন সুপারস্টার সলমন খান। রিলিজের দিনেই তরুণ প্রজন্মের অভিনেতাদের উৎসাহ জোগাতে তাঁর এই উপস্থিতি অনুরাগীদের নজর কেড়েছে।

এদিনের রেড কার্পেটে একেবারে ক্যাজুয়াল ও স্টাইলিশ লুকে ধরা দেন সলমন। তাঁর পরনে ছিল হালকা নীল রঙের শার্ট, সাদা ট্রাউজার্স এবং চোখে স্টাইলিশ সানগ্লাস। ইভেন্টের একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, অত্যন্ত উষ্ণতার সঙ্গে ছবির দুই তরুণ ও প্রতিশ্রুতিমান অভিনেতা বীর পাহাড়িয়া এবং আফিয়া সইদকে বুকে জড়িয়ে ধরেছেন ভাইজান। শুধু তাই নয়, পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজ দেওয়ার জন্য তাঁর ধৈর্যশীল এবং বিনম্র আচরণও অনুরাগীদের মন জয় করে নিয়েছে।

চাঁদের হাট বসেছিল স্ক্রিনিংয়ে শুধু সলমন খানই নন, ‘প্রেম কিটানু’-র এই স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বলিউড ও গ্ল্যামার দুনিয়ার একাধিক চেনা মুখ। ছবির পুরো টিমকে সমর্থন জানাতে এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। পাশাপাশি অভিনেতা অনুপ সোনি, মডেল-ইনফ্লুয়েন্সার সাক্ষী মালিক এবং অনুষা দান্দেকরও এই তারকাবহুল ইভেন্টে যোগ দিয়েছিলেন।

উল্লেখ্য, অপূর্ব সিং কার্কির পরিচালনায় তৈরি ‘প্রেম কিটানু’ হল অত্যন্ত জনপ্রিয় মালয়ালম হিট ছবি ‘প্রেমালু’-র অফিসিয়াল হিন্দি রিমেক। আজ, ২ অক্টোবর সারা দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে এই ছবি। তারুণ্য, বন্ধুত্ব এবং প্রেমের মিষ্টি রসায়নে ভরপুর এই ছবি বক্স অফিসে কতটা জমজমাট হয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *