হাতে টাকা নেই? এবার কিস্তিতে মিলবে রান্নার গ্যাসের সিলিন্ডার! ১০০ টাকার সহজ উপায়ে বড় স্বস্তি মধ্যবিত্তের

ইলেকট্রনিক গ্যাজেট, বাড়ি কিংবা গাড়ি কেনার জন্য ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নেওয়ার চল তো অনেকদিনের। তবে এবার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ করতে রান্নার গ্যাসের সিলিন্ডারের জন্যও লোন পাওয়ার দারুণ সুযোগ নিয়ে এল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম (BPCL)। হঠাৎ সিলিন্ডার ফুরিয়ে গেলে এবং একবারে পুরো টাকা দেওয়ার মতো পরিস্থিতি না থাকলে, গ্রাহকরা এখন থেকে মাসিক বা সাপ্তাহিক কিস্তির মাধ্যমে এই ঋণ পরিশোধ করতে পারবেন।
কীভাবে মিলবে এই ক্ষুদ্রঋণ? সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভারত পেট্রোলিয়াম তাদের গ্রাহকদের জন্য একটি বিশেষ ক্ষুদ্রঋণের ব্যবস্থা চালু করেছে। এর আওতায় এলপিজি (LPG) রিফিলের জন্য সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত ক্ষুদ্রঋণ নেওয়া যাবে। বিশেষ ব্যাপার হলো, এই টাকা কোনো রকম অতিরিক্ত সুদ ছাড়াই খুব সহজ কিস্তিতে পরিশোধ করার সুযোগ থাকছে।
সম্পূর্ণ বিষয়টি কাজ করবে মূলত ‘বাই নাও পে লেটার’ (BNPL) মডেলের ওপর ভিত্তি করে। অর্থাৎ, হঠাৎ গ্যাসের দাম মেটানোর মতো নগদ টাকা না থাকলেও প্রয়োজনে গ্যাস সিলিন্ডার বুক করা যাবে এবং নির্দিষ্ট সময়ে কিস্তিতে তার মূল্য পরিশোধ করা সম্ভব হবে।
মাত্র ১০০ টাকার কিস্তি ভারত পেট্রোলিয়ামের এই নতুন ব্যবস্থায় গ্রাহকদের একবারে পুরো ৬০০ টাকা মেটানোর চাপ নিতে হবে না। পরিবর্তে, মাত্র ১০০ টাকা করে মোট ছয়টি সাপ্তাহিক কিস্তিতে ওই ৬০০ টাকা পরিশোধ করা যাবে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর কথা মাথায় রেখেই মূলত এই বিশেষ পদক্ষেপ করা হয়েছে, যাতে রান্নার জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে কোনো অর্থনৈতিক বাধা না আসে।
কীভাবে আবেদন করবেন? এই বিশেষ ক্ষুদ্রঋণ বা কিস্তি সুবিধাটি পাওয়ার জন্য গ্রাহকদের নিজ নিজ ভারত গ্যাস ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করতে হবে। স্থানীয় ডিস্ট্রিবিউটররাই এই পরিষেবা সম্পর্কিত যাবতীয় বিস্তারিত তথ্য দেবেন। যেমন—আপনার এলাকায় এই পরিষেবাটি চালু রয়েছে কি না, কারা এই সুবিধার জন্য যোগ্য এবং এর আবেদন পদ্ধতি কেমন—তা স্থানীয় ডিস্ট্রিবিউটরের কাছ থেকেই নিশ্চিত করে নেওয়া সবচেয়ে ভালো। উৎসবের মরশুমের ঠিক আগে ভারত পেট্রোলিয়ামের এই অভিনব উদ্যোগ সাধারণ মানুষের হেঁশেলে বড় স্বস্তি এনে দেবে বলেই মনে করা হচ্ছে।