চা বাগান খুলবে, মিলবে ২০ শতাংশ বোনাস! ডুয়ার্সকে নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের চা শিল্প এবং পর্যটন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলিপুরদুয়ারে চা বাগান ও পর্যটনকে কেন্দ্র করে এক সুদূরপ্রসারী উন্নয়নের বার্তা দিয়েছেন তিনি। পুজোর আগেই উত্তরবঙ্গের চা শ্রমিকদের মুখে হাসি ফুটিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
জানা গেছে, আসন্ন উৎসবের মরশুমের আগেই রাজ্যের চা বাগানের শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস প্রদান করার নির্দেশ ও ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা তরাই-ডুয়ার্সের চা বাগানগুলি দ্রুত আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে পুনরায় চালু করারও কড়া আশ্বাস দিয়েছেন তিনি।
চা শিল্পের পাশাপাশি উত্তরবঙ্গের অর্থনীতিকে চাঙ্গা করতে পর্যটন খাতের ওপর বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার। আগামী এক বছরের মধ্যে তরাই-ডুয়ার্স অঞ্চলকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র (World Tourism Destination) হিসেবে গড়ে তোলার উচ্চাভিলাষী পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় পর্যটন পরিকাঠামো উন্নত করার পাশাপাশি হোটেল, পরিবহণ ও ছোট ব্যবসার প্রসারে নানা পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়েছে, যা আগামী দিনে উত্তরবঙ্গের অর্থনৈতিক ছবিটাই বদলে দেবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।