কলকাতায় পা রাখতেই ভিনভিনি শব্দে ফেটে পড়ল বিমানবন্দর! পেলে স্মরণে শহরে এসে কী কাণ্ড ঘটাল ব্রাজিল দল?

পেলের স্মৃতিবিজড়িত শহরে এবার পা রাখল খাস ব্রাজিল ফুটবল দল। প্রায় পাঁচ দশক আগে ফুটবল সম্রাট পেলে আমেরিকার নিউইয়র্ক কসমস ক্লাবের হয়ে কলকাতায় খেলতে এসেছিলেন। ১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর সেই ঐতিহাসিক ম্যাচের পর থেকেই কলকাতার ফুটবলপ্রেমীদের মনে ব্রাজিলকে ঘিরে এক অন্য আবেগ ও ভালোবাসা তৈরি হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রেম আরও গভীর হয়েছে এবং ভিনদেশি তারকাদের ঘিরে উন্মাদনাও বেড়েছে বহুগুণ। আর সেই গগনচুম্বী উন্মাদনাকে সঙ্গী করেই বৃহস্পতিবার রাতে কলকাতার মাটিতে পা রাখল সদ্য বিশ্বকাপ খেলে আসা বর্তমানের তারকা খচিত ব্রাজিল দল।
বিমানবন্দরে ভক্তদের উন্মাদনা ও কড়া নিরাপত্তা
বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে সাম্বা ব্রিগেড। বিমানবন্দর থেকে দল বাইরে বেরোতেই পুরো চত্বর কানফাটানো উল্লাস ও করতালিতে ফেটে পড়ে। বিশেষ করে রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে একঝলক দেখার জন্য অনুরাগীদের মধ্যে চরম উত্কণ্ঠা লক্ষ্য করা যায়। কোচ কার্লো আনসেলোত্তি এবং দলের অন্যান্য ফুটবলারদের ঘিরেও ভক্তদের উৎসাহ ছিল তুঙ্গে। তবে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে অত্যন্ত দ্রুততার সঙ্গে হলুদ ও সবুজ রঙের দুটি বাসে করে ব্রাজিল দলকে বাইপাসের ধারের নির্দিষ্ট হোটেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সমর্থকরা যাতে ফুটবলারদের কাছাকাছি পৌঁছাতে না পারেন, তার জন্য চারপাশ ঘিরে রাখা হয়েছিল। হোটেলেও অপেক্ষারত জনতা ‘ভিনি…ভিনি’ ধ্বনিতে চারদিক মুখরিত করে তোলেন। কোচ কার্লো আনসেলোত্তি সহ পুরো দলকে ঐতিহ্যশালী উত্তরীয় পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
ঐতিহাসিক স্মৃতির রোমন্থন ও আজকের কর্মসূচি
কলকাতায় আসার ঠিক আগেই ব্রাজিলের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ১৯৭৭ সালের পেলের সেই ঐতিহাসিক সফরকে স্মরণ করে একটি দীর্ঘ বার্তা পোস্ট করা হয়। যেখানে উল্লেখ করা হয়, ১৯৭৭ সালে কসমস ক্লাবের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে পেলের সেই ম্যাচ কলকাতার ফুটবল ইতিহাসে এক চিরস্মরণীয় অধ্যায় হয়ে রয়েছে। প্রায় ৫০ বছর পর সেই একই রোমাঞ্চ ফিরিয়ে আনতে ফের ভারতীয় মাটিতে পা রাখল ব্রাজিল ফুটবল দল।
আজ বেলার দিকে একটি সাংবাদিক সম্মেলন করার পর বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনের মূল মাঠে অনুশীলনে নামবে সাম্বা ব্রিগেড। একটুমাত্র প্র্যাকটিস সেশন সেরেআগামিকালই খালিদ জামিলের দলের বিরুদ্ধে মাঠে নেমে পড়ার কথা রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বৃহস্পতিবার গভীর রাতে কলকাতার মাটিতে পা রাখার সেই রোমাঞ্চকর মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ব্রাজিল ফুটবল দল, যা নিয়ে এখন নেটদুনিয়ায় শোরগোল পড়ে গেছে।