সপ্তাহে দু’দিনের বদলে কি এবার সব শনিবারই বন্ধ থাকবে সরকারি ব্যাঙ্ক? সোশ্যাল মিডিয়ার ভাইরাল নোটিফিকেশন নিয়ে বিরাট আপডেট

সোশ্যাল মিডিয়ায় গত কয়েক দিন ধরে একটি গেজেট নোটিফিকেশন ঘিরে জল্পনা শুরু হয়েছে যে, এবার থেকে দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক প্রতি শনিবারই বন্ধ থাকবে। অর্থাৎ, এতদিন মাসের কেবল দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকার নিয়ম থাকলেও, নতুন নিয়মে সব শনিবারই সরকারি ছুটি হিসেবে গণ্য হবে বলে দাবি করা হচ্ছিল। সম্প্রতি ব্যাঙ্ক কর্মচারীদের ধর্মঘট ও আইবিএ-র (IBA) আলোচনা ঘিরে চলা উত্তেজনার মাঝেই এই নোটিফিকেশনটি ঝড়ের গতিতে ভাইরাল হয়।
ভাইরাল বিজ্ঞপ্তির আসল সত্য কী?
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল, নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ধারা ২৫ অনুযায়ী ভারত সরকার জনস্বার্থে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ সমস্ত পাবলিক সেক্টর ব্যাঙ্কের জন্য প্রতি শনিবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। তবে এই ভাইরাল পোস্টটিকে সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) ফ্যাক্ট চেক টিম। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অর্থ মন্ত্রকের নাম করে ছড়িয়ে পড়া এই বিজ্ঞপ্তিটি জাল। কেন্দ্রীয় সরকার স্টেট ব্যাঙ্ক সহ দেশের কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জন্যই প্রতি শনিবারে নতুন করে কোনো ছুটি ঘোষণা করেনি। তাই বিভ্রান্তিকর এই ধরনের তথ্য বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।