পায়ের নীচে গভীর খাদ আর চোখের সামনে মেঘের রাজ্য! উত্তরবঙ্গের এই অদ্ভুত সুন্দর কাঁচের সেতুতে একবার গেলেই মন হারিয়ে যাবে

দুর্গাপুজোর ভিড়ভাট্টা এড়িয়ে যাঁরা একটু নিরিবিলিতে পাহাড়ের কোলে সময় কাটাতে চান, তাঁদের জন্য দারুণ সুখবর। কালিম্পং জেলার একবারে কোলাহলহীন ছোট্ট পাহাড়ি জনপদ ‘ডাবলিং’ (Dobling) বা ড্রিম ইকো ভিলেজ এখন পর্যটকদের বরণ করে নিতে সম্পূর্ণ প্রস্তুত। লাভা থেকে মাত্র ১৪ কিলোমিটার এবং লোলেগাঁও থেকে ১৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সুন্দর পাহাড়ি গ্রামটি সাম্প্রতিক সময়ে উত্তরবঙ্গের অন্যতম সেরা অ্যাডভেঞ্চার ও ইকো-ট্যুরিজমের কেন্দ্র হিসেবে নজর কাড়ছে।
কী কী রয়েছে এই নতুন পাহাড়ি দ্বীপে?
ডাবলিংয়ের মূল আকর্ষণ এখানকার রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার স্পোর্টস। পাহাড়ের বুকে শূন্যে টানটান তারের ওপর সাইকেল চালানোর অর্থাৎ ‘স্কাই সাইক্লিং’-এর রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করা যায় এখানে। এছাড়া রয়েছে রোপ অ্যাডভেঞ্চার এবং বিশেষভাবে তৈরি স্বচ্ছ কাচের সেতু বা ‘গ্লাস ওয়াক’। এই কাচের পাটাতনে পা রাখলে মনে হবে যেন শূন্যে ভেসে রয়েছেন, যা পর্যটকদের মনে এক অদ্ভুত শিহরণ জাগায়। গ্রামের প্রবেশপথেই পাইন বন এবং কিছুটা এগোলেই পাথরের গায়ে খোদাই করা তথাগত বুদ্ধের প্রতিকৃতি মন জুড়িয়ে দেয়।
কম খরচে ঘোরার দারুণ সুযোগ ও সচেতনতা
মাত্র ৫০ টাকা এন্ট্রি ফি দিয়ে এই গ্রামে প্রবেশ করা যায়। স্থানীয় সুস্বাদু খাবারের ব্যবস্থাও রয়েছে এখানে। তবে পরিবেশের কথা মাথায় রেখে গ্রামটিকে সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত রাখা হয়েছে। ফলে পর্যটকদের প্লাস্টিক বর্জ্য বাইরে ফেলে তবেই ভেতরে প্রবেশ করতে হয়। পুজোর এই কদিন ডাবলিংয়ের মতো অফবিট পাহাড়ি গ্রামের শান্ত পরিবেশ ও রোমাঞ্চের ছোঁয়া পেতে ইতিমধ্যেই ভ্রমণপ্রেমীদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো।