প্রতিদিন ৬০ কিমি যাতায়াতের ধকল! কাজ চালিয়ে যেতে বড় শর্ত দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

এসআইআর সংক্রান্ত আবেদনের ফয়সালার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেন ট্রাইব্যুনালের আরও এক বিচারপতি। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রতিদিন দীর্ঘ রাস্তার ধকল আর তাঁর পক্ষে সওয়া সম্ভব হচ্ছে না। তাই কাজের জন্য বাড়ি থেকেই পরিকাঠামো না পেলে তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি চান। ইতিমধ্যেই তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ও রাজ্যের নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিককে চিঠি পাঠিয়ে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

জানা গিয়েছে, প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায় বর্তমানে সল্টলেক থেকে প্রতিদিন জোকায় অবস্থিত ট্রাইব্যুনালে যাতায়াত করেন। আসা-যাওয়া মিলিয়ে প্রায় ৬০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় তাঁকে। যানজটের জেরে প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা সময় নষ্ট হওয়ায় এই ধকল আর নিতে পারছেন না তিনি। আগামী ২ নভেম্বর ২০২৬ থেকে তিনি এই দায়িত্ব ছাড়তে ইচ্ছুক বলে চিঠিতে উল্লেখ করেছেন।

এ বিষয়ে তিনি জানান, সরকার গাড়ি ও পাইলট কারের পেছনে অর্থ ব্যয় করলেও প্রতিদিন এতটা পথ যাতায়াত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন যদি বাড়িতেই কাজের উপযুক্ত ব্যবস্থা করে দেয়, তবেই তিনি ট্রাইব্যুনালের এই কাজ চালিয়ে যেতে পারবেন। প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলার ১১ নম্বর এসআইআর ট্রাইব্যুনালের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এই জেলায় কয়েক লক্ষ আবেদনকারীর মধ্যে অল্প কিছু মামলারই নিষ্পত্তি হওয়ায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। প্রাক্তন বিচারপতির এই পদত্যাগের ইচ্ছায় মামলার নিষ্পত্তি আরও ধীরগতিতে এগোতে পারে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। এর আগে ব্যক্তিগত ও পারিবারিক কারণে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমও ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *