গঙ্গার বাঁধ কাটায় বিরাট বিপত্তি! সাহেবগঞ্জ-বারহারওয়া সেকশনে একাধিক ট্রেন বাতিল ও রুট বদল

গঙ্গার বাঁধ কাটার জেরে মালদহ ডিভিশনের সাহেবগঞ্জ–বারহারওয়া সেকশনে ট্রেন চলাচলে ব্যাপক ব্যাঘাত ঘটেছে। রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ডাউন লাইনে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে আপ লাইনে সীমিত গতিতে ট্রেন চালানো হচ্ছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত রেলপথ পুনরুদ্ধারের কাজ চলছে এবং বহু রেলকর্মী ও আধিকারিককে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
যাত্রা শুরুর ট্রেন বাতিল
পরিস্থিতির জেরে বেশ কিছু প্যাসেঞ্জার ও মেমু ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে:
৫৩৪৯৩ তিনপাহাড়–রাজমহল প্যাসেঞ্জার
৫৩৪৯৫ তিনপাহাড়–রাজমহল প্যাসেঞ্জার
৫৩৪৯৬ রাজমহল–তিনপাহাড় প্যাসেঞ্জার
১ অক্টোবর একাধিক ট্রেন বাতিল
আজ, ১ অক্টোবর যাত্রা শুরুর একাধিক ট্রেনও বাতিল করা হয়েছে। সাহেবগঞ্জ–মালদহ MEMU, মালদহ–কিউল এক্সপ্রেস, হাওড়া–সাহেবগঞ্জ ইন্টারসিটি, আজিমগঞ্জ–সাহেবগঞ্জ MEMU, সাহেবগঞ্জ–ভাগলপুর MEMU এবং বর্ধমান–সাহেবগঞ্জ MEMU সহ মোট ২২টি ট্রেন বাতিল করা হয়েছে।
একাধিক দূরপাল্লার ট্রেনের রুট বদল
রেলপথের নিরাপত্তার স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে:
২০৫০২ আনন্দ বিহার–আগরতলা তেজস রাজধানী এবং ১৫৬৫৭ দিল্লি–কামাখ্যা ব্রহ্মপুত্র মেল জামালপুর–মুঙ্গের–কাটিহার হয়ে চলাচল করবে।
১৩৪০৪ ভাগলপুর–রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস এবং ১৩০৭২ জামালপুর–হাওড়া এক্সপ্রেস ভাগলপুর–দুমকা–রামপুরহাট হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
১৩০২৪ গয়া–হাওড়া এক্সপ্রেস এবং ০৩০৩০ নটেশ্বর–হাওড়া স্পেশাল কিউল–ঝাঝা–আসানসোল রুট দিয়ে চালানো হচ্ছে।
যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে
৫৪০৩ রামপুরহাট–গয়া প্যাসেঞ্জার নির্দিষ্ট দূরত্বের বদলে সাহেবগঞ্জ থেকে যাত্রা শুরু করবে।
৫৩০৩০ ভাগলপুর–আজিমগঞ্জ প্যাসেঞ্জার বারহারওয়া থেকে যাত্রা শুরু করবে।
পাশাপাশি, যাত্রীদের সুবিধার্থে ভাগলপুর থেকে একটি বিশেষ ভাগলপুর–সাহেবগঞ্জ প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন চালানো হবে, যা পরে সাহেবগঞ্জ থেকে ফেরত আসবে।
রেল কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করে ট্রেন চলাচল পুনরায় চালু করার জন্য জোরকদমে কাজ চলছে।