তেজস্বী-মিশার বিরুদ্ধে বড় পদক্ষেপ! বিহারের সাইবার সেলের নোটিসে ৭২ ঘণ্টার চরম কড়াকড়ি

বিহারের রাজনীতিতে ফের একদফা শোরগোল শুরু হয়েছে। জামুইয়ের এক নির্যাতিতা নাবালিকাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে এবার আসরে নেমেছে রাজ্য পুলিশের সাইবার সেল। বিরোধী দলনেতা তেজস্বী যাদব, সাংসদ মশা ভারতী সহ চার বিশিষ্ট ব্যক্তির সোশ্যাল মিডিয়া পোস্ট অপসারণের জন্য মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ‘এক্স’ (X)-কে কড়া নোটিস পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, সাইবার সেলের দাবি অনুযায়ী সংশ্লিষ্ট ওই পোস্টগুলি সমাজে বিভেদ এবং জনমানসে উত্তেজনার সৃষ্টি করতে পারে। আইটি অ্যাক্টের ধারা ৭৯ এবং বিএনএসএস-এর ধারা ৯৪ ও ২০২১-এর বিধান অনুযায়ী এই নোটিস জারি করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিস্তারিত জবাব তলব করা হয়েছে।
পুরো ঘটনার প্রেক্ষাপট: মূলত জামুইয়ের এক নির্যাতিতা নাবালিকা যখন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সরকারি বাসভবনে দেখা করতে গিয়েছিল, সেই সময় একটি ছবি সামনে আসে, যা নিয়ে পরে শোরগোল শুরু হয়। এই ঘটনার পর মশা ভারতী সচিবালয় থানায় গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার চেষ্টা করলেও থানা তা গ্রহণ করেনি। তবে পরবর্তী সময়ে এএসআই-এর বিবৃতির ভিত্তিতে সিএমও-র এক কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
এই সমগ্ৰ জল গড়ায় সোশ্যাল মিডিয়ায়। তেজস্বী যাদব ‘এক্স’ হ্যান্ডেলে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পকসো (POCSO) আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ তোলেন। তাঁর দাবি, নাবালিকা নির্যাতিতার পরিচয় গোপন রাখার সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করে ছবি প্রকাশ করা হয়েছে। এই পোস্টগুলির জেরেই নড়েচড়ে বসেছে সাইবার সেল, যা আগামী দিনে রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।