আরব সাগরে বিশাল অভিযান! ৩০০০ কোটি টাকার মাদক সহ হাতেনাতে ধরা পড়ল ৫ পাকিস্তানি পাচারকারী

আরব সাগরে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard) এবং গুজরাত সন্ত্রাসদমন শাখার (ATS) যৌথ অভিযানে বানচাল হয়ে গেল এক আন্তর্জাতিক মাদক পাচার চক্র। দেশের জলসীমায় হানা দিয়ে একটি ইরানি নৌকা থেকে প্রায় ৩০০০ কোটি টাকারও বেশি মূল্যের মাদক বাজেয়াপ্ত করেছে যৌথ বাহিনী। ঘটনায় ৫ জন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর লাক্ষাদ্বীপের পশ্চিম উপকূলে এই সফল অভিযান চালানো হয়। উপকূলরক্ষী বাহিনী ও এটিএস সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে নজরদারি চালানো হচ্ছিল। পাকিস্তানের গদর বন্দর থেকে একটি ছোট নৌকা থেকে মাদক তুলে ইরানের কোনারাক বন্দর হয়ে ‘আজাদ’ নামের ওই ইরানি নৌকায় করে ভারতে পাচারের চেষ্টা চলছিল। হাওয়ালা চক্রের মাধ্যমে এর আগাম অর্থও লেনদেন করা হয়েছিল বলে খবর।

সন্দেহজনক নৌকাটি দেখতে পেয়ে ধাওয়া করে কোস্টগার্ড। অভিযুক্তরা পালানোর চেষ্টা করলেও জল ও আকাশপথে যৌথ নজরদারির মাধ্যমে সেটিকে ঘিরে ফেলা হয়। তল্লাশি চালিয়ে নৌকা থেকে মোট ৫২৬ কেজি উচ্চমানের মেথামফেটামিন এবং হেরোইন উদ্ধার করা হয়েছে।

বাজেয়াপ্ত করা নৌকা, মাদক এবং ধৃত ৫ পাক পাচারকারীকে কঠোর নিরাপত্তায় মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে। সেখানে একাধিক কেন্দ্রীয় এজেন্সি যৌথভাবে তাদের জিজ্ঞাসাবাদ করবে। এর আগে ২০২৪ সালের নভেম্বরে আন্দামান সাগরে ৫,৫০০ কেজি মাদক উদ্ধার করেছিল কোস্টগার্ড। সামুদ্রিক পথে আন্তঃদেশীয় মাদক পাচার রোধে নিরাপত্তা বাহিনীগুলির এই ধারাবাহিক সাফল্য দেশের সুরক্ষাকে আরও সুদৃঢ় করছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *