পুজোর আগেই তিলোত্তমায় তসলিমা নাসরিন! কলকাতায় কোথায়, কবে দেখা যাবে বিতর্কিত এই সাহিত্যিককে?

পুজোর আগেই শহর কলকাতায় আসছেন প্রখ্যাত সাহিত্যিক তসলিমা নাসরিন। আগামী ৮ অক্টোবর, ২০২৬ কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। এই অনুষ্ঠানের আয়োজক ‘লে রিদম’ (Le Rythme) নামের একটি সংস্থা। মূলত নারী ক্ষমতায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘শিকল ভাঙার গল্প’। নাম থেকেই বেশ বোঝা যাচ্ছে, সমাজের চিরাচরিত বাধা ভেঙে বেরিয়ে আসার এক জোরালো বার্তা থাকবে এই মঞ্চে। এই বিশেষ সন্ধ্যায় তসলিমা নাসরিন উপস্থিত থেকে নিজের লেখা কবিতা পাঠ করে শোনাবেন। এছাড়াও তাঁর এবং অন্যান্য কবির লেখা কবিতাগুলিকে গানে গানে মঞ্চে তুলে ধরবেন সোমদত্তা ব্যানার্জি, মৌসুমী হোসেন এবং পিয়ালী হালদার। গানে সুর দিয়েছেন মৌসুমী হোসেন নিজে। পাশাপাশি দেবী বন্দনার বিশেষ নৃত্য পরিচালনার দায়িত্বে থাকছেন প্রখ্যাত নৃত্যশিল্পী মৈত্রেয়ী পাহাড়ী।

শুধু কবিতা বা গান নয়, এই দিন সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতী নারীদের হাতে তুলে দেওয়া হবে “ঊমা সম্মান”। একইসঙ্গে বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিককে “রিনি মুখোপাধ্যায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড” প্রদান করে সম্মানিত করা হবে।

যে সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করছে, সেই ‘লে রিদম’ মূলত দিল্লিভিত্তিক একটি অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান। সমগ্র ভারতজুড়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার এবং জাতীয় প্রতিভার বিকাশে তারা কাজ করে চলেছে। নারী ক্ষমতায়ন, যুবসমাজের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সৌরশক্তির মতো আধুনিক বিষয়গুলি নিয়েও তাদের বহুমুখী কাজ রয়েছে।

প্রখ্যাত প্লেব্যাক গায়িকা ও সাংস্কৃতিক দূরদর্শী প্রয়াত রিনি মুখোপাধ্যায়ের হাত ধরে এই সংস্থার পথচলা শুরু হয়েছিল। তাঁর অকাল প্রয়াণের পর বর্তমানে সহ প্রতিষ্ঠাতা রাজীব মুখোপাধ্যায়ের নেতৃত্বে সংস্থাটি সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সম্পর্কে রাজীব মুখোপাধ্যায় জানিয়েছেন, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে একটি বলিষ্ঠ সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার যে স্বপ্ন রিনি মুখোপাধ্যায় দেখেছিলেন, সেই ধারাকেই তাঁরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। শিল্পকে সামাজিক পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে তাঁরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *