দিল্লিতে INDIA ব্লকের বৈঠকের আগেই বিরাট বোমা ফাটালেন শুভেন্দু! কংগ্রেসের দ্বিমুখী নীতি নিয়ে তুলকালাম

আগামিকাল দিল্লিতে বসতে চলেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (INDIA)-র গুরুত্বপূর্ণ বৈঠক। এসআইআর (SIR) প্রক্রিয়া এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে সামনে আসা সাম্প্রতিক রিপোর্ট এবং পরবর্তী রণকৌশলই এই বৈঠকের মূল এজেন্ডা। এই আবহে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, কংগ্রেসও কর্মসমিতির বৈঠক শেষে তাদের তিন দফা দাবি প্রকাশ্যে এনেছে। ঠিক এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেই পরিসংখ্যান তুলে ধরে কংগ্রেস ও তার জোটসঙ্গীদের বিরুদ্ধে তীব্র দ্বিচারিতার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কেরল বনাম অন্যান্য রাজ্য: কংগ্রেসের দ্বিমুখী নীতি?
এসআইআর বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে কংগ্রেসের রাজনৈতিক অবস্থানকে সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন শুভেন্দু অধিকারী। সমাজমাধ্যমে সরব হয়ে তিনি দাবি করেছেন, কেরলে বামেদের বিরুদ্ধে লড়াইয়ের সময় ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়া এবং এসআইআর প্রক্রিয়ার ভূয়সী প্রশংসা করেছিলেন খোদ কংগ্রেস নেতারাই। অথচ অন্য রাজ্যে একই প্রক্রিয়া শুরু হলেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে হাত শিবির ও তাদের সহযোগীরা।
শুভেন্দুর স্পষ্ট অভিযোগ, রাজনৈতিক সুবিধা অনুযায়ী নিজেদের অবস্থান বদলাচ্ছে কংগ্রেস। নির্বাচনে জয়ী হলে এসআইআর তাঁদের কাছে গণতন্ত্রের সাফল্য, আর পরাজিত হলেই সেই একই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ও পক্ষপাতদুষ্ট!
সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে কটাক্ষ
রাজনৈতিক স্বার্থে সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি আস্থা বদলানো যায় না বলে কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের মানুষ কংগ্রেসের এই সুবিধাবাদী নীতি ও দ্বিচারিতা পরিষ্কার বুঝতে পারছেন। প্রসঙ্গত, জাতীয় স্তরে এসআইআর নিয়ে যখন দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঠিক সেই সময়ে বিরোধী শিবককেই একহাত নিলেন এই বিজেপি নেতা।
এই রাজনৈতিক খবরের রকমারি আপডেট নিয়মিত পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এই প্রতিবেদনটি আপনার কেমন লাগল, কমেন্ট করে জানান।