পুজোর মুখে ডেঙ্গির লাল চোখ! পরিস্থিতি সামাল দিতে ১৬টি দপ্তরের সচিবদের নিয়ে আজ ময়দানে নবান্ন

শারদোৎসবের আনন্দ ও কেনাকাটার মরশুম শুরু হওয়ার আগেই রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ডেঙ্গি পরিস্থিতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত মাত্র দুই সপ্তাহের মধ্যে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে আড়াই হাজার। উৎসবের আনন্দ যাতে ডেঙ্গির জেরে ফিকে না হয়ে যায়, তাই পরিস্থিতি মোকাবিলায় আজই নবান্নে এক জরুরি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকের ডাক দেওয়া হয়েছে।
সূত্রের খবর, এদিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের মোট ১৬টি দপ্তরের সচিব উপস্থিত থাকছেন। মুখ্য সচিব মনোজ আগরওয়ালের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি, বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেও। শহরে ও জেলার বিভিন্ন প্রান্তে মশাবাহিত এই রোগের প্রকোপ যেভাবে বাড়ছে, তা নিয়ে এদিনের বৈঠকে একাধিক কড়া ও সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
পুজোর কদিন মানুষ যাতে সুস্থ ও নিরাপদে উৎসব উপভোগ করতে পারেন, সেই বিষয়টি নিশ্চিত করতেই পুরসভা, স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য কারিগরি সহ সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে একযোগে মাঠে নামানোর নির্দেশ দেওয়া হতে পারে। উৎসবের মরশুমে ডেঙ্গির এই গ্রাফ কীভাবে নামিয়ে আনা যায়, এখন সেটাই প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।