নির্ভয়াকাণ্ডের ছায়া রাজধানীতে! দিল্লির পরপর ধর্ষণ কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে সুপ্রিম কোর্ট যা জানাল

রাজধানী দিল্লিতে একের পর এক নৃশংস যৌন নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। কালকাজি মন্দিরের কাছের পার্ক এবং চলন্ত স্লিপার বাসে নাবালিকার উপর যৌন নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে এবার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল শীর্ষ আদালত। জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও প্রশাসনের চরম ব্যর্থতার কথা তুলে ধরে কঠোর বার্তা দিয়েছে বিচারপতিদের বেঞ্চ।

সোমবার বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই মামলার শুনানি করে। আদালতের পর্যবেক্ষণ, সাম্প্রতিক এই জঘন্য অপরাধগুলির সঙ্গে ২০১২ সালের নির্ভয়া-কাণ্ডের একটি “বেদনাদায়ক সাদৃশ্য” রয়েছে। গ্রেটার নয়ডার প্যারী চক থেকে দিল্লির কাশ্মীরি গেট পর্যন্ত প্রায় ৪৭ কিলোমিটার পথ চলা চলন্ত স্লিপার বাসে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনার প্রসঙ্গ টেনে আদালত জানায়, পুলিশি নজরদারির অভাবেই এই ধরণের অপরাধ সংঘটিত হচ্ছে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় বাসটি আটকানো না যাওয়া প্রশাসনের বড়সড় পদ্ধতিগত ত্রুটিরই প্রমাণ দেয়।

একইভাবে কালকাজি মন্দিরের কাছে আস্থা কুঞ্জ পার্কে ১৭ বছরের এক কিশোরীকে পুলিশ পরিচয় দিয়ে যৌন নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আদালত। পর্যাপ্ত আলো না থাকা, নজরদারির অভাব এবং নিয়মিত পুলিশি টহলের ঘাটতির কারণে জনবহুল স্থানগুলিকে ‘ঝুঁকিপূর্ণ এলাকা’য় পরিণত হতে দেওয়া যায় না বলে স্পষ্ট জানিয়েছে শীর্ষ আদালত। শুধু সমবেদনা বা সংহতি প্রকাশ করলেই সমস্যার সমাধান হবে না, বরং অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনির্দিষ্ট দায়বদ্ধতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে বলেই জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *