‘প্রশ্নফাঁসের কলঙ্ক মুছতে এবার নিশ্ছিদ্র দুর্গ!’ এনটিএ ভবন পাহারায় মেমো মেপে মোতায়েন সিআইএসএফ জওয়ান

নিট ইউজি (NEET-UG) সহ একাধিক সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় একসময় গোটা দেশজুড়ে তীব্র তোলপাড় শুরু হয়েছিল। ক্ষুব্ধ পড়ুয়াদের লাগাতার আন্দোলনের চাপে শেষমেশ পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ (NTA)-তে ব্যাপক রদবদল করতে বাধ্য হয় কেন্দ্রীয় সরকার। কর্মী ছাঁটাই ও কার্যালয় স্থানান্তরের পর এবার এনটিএ-এর নতুন ভবনের নিরাপত্তায় আরও বড় পদক্ষেপ করা হলো। নতুন দিল্লির মিন্টো রোডের ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রেস বিল্ডিং’-এ অবস্থিত এনটিএ-এর এই নতুন ভবন পাহারার সম্পূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)-এর হাতে। সরকারি সূত্রে খবর, আগামী দু’-তিন মাসের মধ্যেই সিআইএসএফ-এর এই বিশেষ বাহিনী সেখানে পুরো নিয়ন্ত্রণ গ্রহণ করবে।

প্রশ্নফাঁসের নেপথ্য কাহিনী ও সিবিআই তদন্ত: তদন্তে নেমে সিবিআই জানতে পেরেছিল যে, পরীক্ষার প্রশ্নপত্রের অ্যাক্সেস থাকা এক রসায়নের শিক্ষক পরীক্ষার আগেই নিজস্ব কোচিং ক্লাসে অবিকল সেই প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছিলেন। পরবর্তীতে ইউজিসি-নেট (UGC-NET) এবং মহারাষ্ট্র টেট (TET)-এর মতো পরীক্ষাতেও প্রশ্ন ফাঁসের গুরুতর অভিযোগ সামনে আসে। এই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি রোধ করতেই এবার নড়েচড়ে বসেছে প্রশাসন।

নয়া ভবনে কড়া নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা: এনটিএ-এর এই নতুন অফিসেই সংরক্ষিত থাকবে পরীক্ষার সমস্ত অতি সংবেদনশীল এবং গোপনীয় নথি। ভবনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৩৯ জন সিআইএসএফ জওয়ান সেখানে প্রবেশ নিয়ন্ত্রণ, স্ক্রিনিং এবং কড়া তল্লাশির কাজ চালাবেন। গোপনীয় বিভাগে ঢোকার আগে প্রত্যেককে এক্স-রে ব্যাগেজ স্ক্যানার এবং ডোর ফ্রেম মেটাল ডিটেক্টরের নিশ্ছিদ্র পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে।

পাশাপাশি, শারীরিক নিরাপত্তার পাশাপাশি ডিজিটাল সুরক্ষাতেও বড়সড় বদল আনছে কেন্দ্র। পরীক্ষা ব্যবস্থায় বায়োমেট্রিক অথেন্টিকেশন, ফেসিয়াল রিকগনিশন, এনক্রিপশন এবং সিসিটিভি লাইভ স্ট্রিমিংয়ের মতো আধুনিক নজরদারি ব্যবস্থা চালু করা হচ্ছে। এমনকি সাইবার সিকিউরিটি অডিট পরিচালনার জন্য স্বাধীনভাবে কাজ করার উদ্দেশ্যে একজন ‘চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার’ (CISO) পদও তৈরি করা হয়েছে। প্রশ্নপত্র যাচাইকরণের জন্য গড়ে তোলা হয়েছে এক বিশেষ চারস্তরীয় দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *