“ও যেভাবে খুশি থাকুক!” স্বামীর বিতর্কিত সম্পর্কের মাঝে মুখ খুলে কী এমন বললেন গোবিন্দার স্ত্রী সুনীতা?

গত কয়েক মাস ধরে বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা গোবিন্দা এবং অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সম্পর্কের গুঞ্জন। সম্প্রতি সেই জল্পনা আরও চরমে ওঠে, যখন গত ২২ সেপ্টেম্বর মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে গণপতির আশীর্বাদ নিতে গিয়ে গোবিন্দার পাশেই দেখা যায় কোমল রানিকে। বিশেষ করে কোমলের সিঁথিতে সিঁদুর ঝলমল করার দৃশ্য ক্যামেরাবন্দি হতেই তা নিয়ে ইন্টারনেট দুনিয়ায় ঝড় বয়ে যায়।

স্বামী গোবিন্দার এই চর্চিত সম্পর্ক এবং নানা বিতর্কের যখন তুঙ্গে, ঠিক সেই সময়ে হঠাৎই কলকাতায় এক ঝটিকা সফরে আসেন অভিনেতা-পত্নী সুনীতা আহুজা। ‘আজকাল ডট ইন’-এর এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখোমুখি হয়ে তিনি এই সমস্ত গুঞ্জন ও বিতর্ক নিয়ে নিজের স্পষ্ট অবস্থান জানান। তবে স্বামীর সেই সম্পর্ক বা কোমলের সিঁথির সিঁদুর নিয়ে আর কোনো জলঘোলা করতে নারাজ সুনীতা। রাগ বা তিক্ততা জাহির না করে বরং গোবিন্দার খুশির কথাই প্রার্থনা করেছেন তিনি।

সাক্ষাৎকারে অত্যন্ত শান্ত ও পরিপক্ব গলায় সুনীতা জানান, “মাত্র ১৫ বছর বয়স থেকে গোবিন্দার সঙ্গে আমার প্রেম। তারপর বিয়ে। আমাদের দাম্পত্য জীবনের ৩৮টি বছর কেটে গেছে। ও যেভাবে আছে, তাতে যদি আনন্দ পায়, তবে সেরকমই থাকুক। আমি মন থেকে চাই ও ভালো থাকুক, আনন্দে থাকুক। ওকে নিয়ে বা অন্য কাউকে নিয়ে আমি আর নতুন করে আলোচনা করতে আগ্রহী নই।”

বিতর্ককে পেছনে ফেলে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চান তিনি। নিজের কেরিয়ারের কথা বলতে গিয়ে সুনীতা প্রকাশ করেন তাঁর দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছার কথা। তিনি স্পষ্ট জানান, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির কাজের প্রতি তাঁর ভীষণ দুর্বলতা রয়েছে। বিশেষ করে দেব কিংবা যিশু সেনগুপ্তের মতো তারকাদের সঙ্গে কোনো বাংলা ছবিতে কাজ করার সুযোগ পেলে তিনি দারুণ খুশি হবেন। সমস্ত ব্যক্তিগত বিতর্ক ও নেতিবাচকতাকে দূরে সরিয়ে সুনীতার এই নতুন করে জীবনকে উপভোগ করার ও কাজে মন দেওয়ার সিদ্ধান্ত এখন নেটপাড়ার অন্যতম হট টপিক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *