‘চিঠিতে আই লাভ ইউ লেখা ছিল!’ হাসপাতালে থেকে ফিরেই নন্দিনীর মুখে কোন সত্যিটা জেনেই চটে লাল সৃজলা?

‘বিগ বস বাংলা’র অন্দরে উত্তেজনার পারদ চড়ছে প্রতি মুহূর্তে। ক্যাপ্টেন্সি টাস্কের ভয়ংকর দুর্ঘটনায় ঘোড়া থেকে পড়ে গুরুতর আহত হয়ে দীর্ঘ পাঁচ দিন হাসপাতালে কাটিয়ে অবশেষে ঘরের ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী সৃজলা গুহ। আর তাঁর ঘরে পা রাখার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে একের পর এক বিস্ফোরণ। সৃজলা যখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তখন নন্দিনী বাকিদের কাছে বারবার দাবি করেছিলেন যে সৃজলা ফিরলে যেন তিনি সমস্ত জমে থাকা রাগ মিটিয়ে নেন। কিন্তু বাস্তবে ছবিটা সম্পূর্ণ উল্টো! ঘরে ফিরতেই সৃজলার কাছে এসে ক্ষমা চাইতে দেখা গেল নন্দিনীকে।

চিঠি বিতর্ক ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন: সৃজলা ঘরে ফেরার পর একান্তে তাঁর কাছে গিয়ে নন্দিনী সাফাই দেন যে, সৃজলার যে ব্যক্তিগত চিঠিটি তিনি ছিঁড়ে ফেলার পরিকল্পনা করেছিলেন, সেটি তিনি সম্পূর্ণ পড়েননি। নন্দিনীর দাবি, তিনি ভেবেছিলেন ওই চিঠিটি কোনো প্রেমিকের লেখা নয়, তাই কিছুটা অংশ দেখেছিলেন। এই কথা শোনার পরেই ক্ষোভে ফেটে পড়েন সৃজলা। তিনি সোজাসুজি নন্দিনীকে ধরে ফেলেন এবং বলেন, “সত্যিটা বল.. চিঠিটায় আই লাভ ইউ লেখা ছিল! তোর যদি মনেই হয়ে থাকে ওটা আমার বয়ফ্রেন্ডের চিঠি, তাহলে তো সেটা তোর আরওই পড়া উচিত হয়নি।” সৃজলার স্পষ্ট কথা, তাঁর বিশ্বাসকে যেভাবে ভাঙা হয়েছে এবং ক্যাপ্টেন্সি টাস্ক জেতার জন্য যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত অপ্রত্যাশিত ও হতাশাজনক।

পুরনো ক্ষোভ আর নতুন সমীকরণ: সৃজলার অনুপস্থিতিতেও রাজবীরের কাছে যে নন্দিনী তাঁকে নিয়ে নানা বিরূপ মন্তব্য করেছিলেন এবং তাঁদের কথা বলা পছন্দ করতেন না, সেই প্রসঙ্গও সামনে চলে আসে। তবে হাসপাতালে ঘুরে এসে সৃজলা যেভাবে নন্দিনীর সমস্ত যুক্তির মোকাবিলা করেছেন, তাতে বিগ বসের ঘরের সমীকরণ যে আগামী দিনে আরও নাটকীয় মোড় নিতে চলেছে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *