‘গাড়ির ব্যবসার দেনা মেটাতে বাড়ি থেকে সোজা অপহরণ!’ ঝাড়খণ্ডের ব্যবসায়িক হিংসায় তুলকালাম নয়াগ্রাম

পুরনো গাড়ি কেনাবেচার ব্যবসা সংক্রান্ত আর্থিক লেনদেনের বনিবসা না হওয়ায় এক ব্যবসায়ীকে তাঁর বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল। তবে ঝাড়খণ্ডের ব্যবসায়িক সঙ্গীদের এই অপচেষ্টা পুলিশি তৎপরতায় বার্থ হয়ে যায়। ঘটনার খবর পাওয়ার মাত্র কিছুক্ষণের মধ্যে অভিযান চালিয়ে অপহৃত ওই ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নয়াগ্রাম থানার পুলিশ। এই ঘটনায় জড়িত অভিযোগে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

ঠিক কী ঘটেছিল ঘটনায়? পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম এলাকার বাসিন্দা গুরুপদ মাহাতর সঙ্গে পুরনো গাড়ি কেনাবেচা নিয়ে ঝাড়খণ্ডের বেশ কয়েকজন ব্যবসায়ীর আর্থিক লেনদেন চলছিল। সেই ব্যবসায়িক দেনাপাওনা সংক্রান্ত বিরোধের জেরে শনিবার রাতে আচমকাই তাঁর বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা। অভিযোগ, জোর করে গুরুপদবাবুকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ঝাড়খণ্ডের দিকে পালানোর চেষ্টা করে তারা। পরিবারের মাধ্যমে খবর পেয়েই সঙ্গে সঙ্গে নাকা তল্লাশি ও বিশেষ অভিযান শুরু করে নয়াগ্রাম থানার পুলিশ।

পুলিশের দ্রুত পদক্ষেপে উদ্ধার ও তদন্ত: পুলিশের লাগাতার তৎপরতা ও সম্ভাব্য রুটগুলিতে নজরদারির ফলে অল্প সময়ের মধ্যেই অপহৃত ব্যবসায়ীর সন্ধান মেলে। পুলিশ তাঁকে নিরাপদে উদ্ধার করে থানায় ফিরিয়ে আনে। ঘটনার নেপথ্যে থাকা পাঁচ অভিযুক্তকে চিহ্নিত করে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই অপহরণের পেছনে অন্য কোনো বড় পরিকল্পনা বা আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী কর্মকর্তারা। রবিবার ধৃতদের আদালতে তোলা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *