‘নিউটাউনে মাথা তুলল অত্যাধুনিক কেশব স্মৃতি!’ রাজ্যে পালাবদলের পরই দ্বিগুণ হল RSS-এর শাখা, বাড়ছে জল্পনা

রাজ্য রাজনীতিতে ক্ষমতার পটবদলের পর এবার সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে আরও এক ধাপ এগোল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)। নিউটাউনে মাথা তুলল সঙ্ঘের একটি নতুন ও অত্যাধুনিক ভবন, যার নামকরণ করা হয়েছে ‘কেশব স্মৃতি’। শনিবার এক অনাড়ম্বড় ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আরএসএসের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবলে।
বিশেষ সূত্রে খবর, রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠার পর থেকেই বাংলায় আরএসএসের শাখা ও কার্যপরিধি দ্রুত প্রসার লাভ করেছে। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, বিগত সময়ের তুলনায় রাজ্যে সংঘের শাখার সংখ্যা একেবারে দ্বিগুণ হয়েছে, যা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এদিকে, আগামী ৮ অক্টোবর চারদিনের রাজ্য সফরে কলকাতায় আসছেন সংঘচালক মোহন ভাগবত। তার ঠিক আগে নিউটাউনে এই নতুন কেন্দ্রীয় ভবনের উদ্বোধন এবং শাখার সংখ্যা বৃদ্ধি রাজ্য-রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী দিনে বাংলার মাটিতে সংঘের সাংগঠনিক বিস্তার কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।