‘বেনোজল আর নয়, দলে লোক নেওয়ার আগে কড়া নজর!’ কড়া বার্তা বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের

বাংলায় পরিবর্তনের পর বিজেপির অন্দরে শৃঙ্খলা বজায় রাখতে এবং দলের ভাবমূর্তি রক্ষায় এবার কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। রবিবার নিউটাউন কনভেনশন সেন্টারে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে জেলা নেতৃত্ব, পদাধিকারী ও জেলা সভাপতিদের স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে, দলে নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং কোনওভাবেই ‘বেনোজল’ বা দলবিরোধী মানসিকতার ব্যক্তিদের দলে ঢুকতে দেওয়া চলবে না।

রাজ্যে দল ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন জায়গায় নতুন যোগদানের নামে কিছু বিতর্কিত ব্যক্তির প্রবেশ নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই অসন্তোষ দূর করতেই এবার জেলা নেতৃত্বকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন সর্বভারতীয় সভাপতি। কে বা কারা দলে আসছেন, তাঁদের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ খোঁজখবর নিয়ে তবেই সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি, শুধু সরকারি সাফল্যের ওপর নির্ভর না করে বুথ স্তর থেকে সংগঠনকে আরও বেশি শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন তিনি।

তবে শুধু দলীয় প্রবেশদ্বার কড়া করা নয়, নেতাকর্মীদের আচরণ নিয়েও এদিন তীব্র সতর্কবার্তা দিয়েছেন নিতিন নবীন। বিজেপি ক্ষমতায় আসার পর দলের কিছু কর্মী ও নেতার বিরুদ্ধে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ সামনে আসছিল। সেই প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, দলের প্রতিটি কর্মীকে সাধারণ মানুষের সঙ্গে অত্যন্ত নম্র, সংযত ও ভদ্র আচরণ করতে হবে। অহংকার দূরে সরিয়ে রেখে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখলেই তবেই সংগঠনের ভিত প্রকৃত অর্থে শক্ত হবে বলে মত প্রকাশ করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *