‘কদিন বাদে বলবে জামা-কাপড় থাকলেও টাকা দেবে না!’ অন্নপূর্ণা ভাণ্ডার ইস্যুতে শ্রীরামপুর থেকে বিস্ফোরক মমতা

হুগলির শ্রীরামপুরের জনসভা থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত আমলের জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা টেনে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ বা অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ভোটের আগে সাধারণ মানুষকে নানা সুবিধার প্রতিশ্রুতি দিয়ে ফর্ম ফিলাপ করানো হলেও এখন নানা শর্ত চাপানো হচ্ছে। তাঁর প্রশ্ন, নির্বাচনের আগে কেন স্পষ্টভাবে বলা হয়নি যে অন্নপূর্ণা যোজনার সুবিধা সবাই পাবেন না?

তুলনা টেনে তিনি বলেন, বিগত দিনে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা সমাজের সমস্ত যোগ্য মহিলারা পেতেন। কিন্তু বর্তমান ব্যবস্থায় সাইকেল বা অন্যান্য সাধারণ জিনিস থাকলেই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তীব্র কটাক্ষ করে মমতা বলেন, পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে আগামী দিনে হয়তো বলা হবে জামাকাপড় থাকলেই প্রকল্পের টাকা দেওয়া হবে না।

শ্রীরামপুরের এই মঞ্চ থেকে প্রকল্পের বঞ্চনা ছাড়াও পুলিশ প্রশাসন এবং ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়েও তীব্র আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক মহলের মতে, অন্নপূর্ণা ভাণ্ডার ও লক্ষ্মীর ভাণ্ডারের তুলনা টেনে মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার জনমানসে এই ইস্যুগুলিকে উসকে দিলেন, যা আগামী দিনে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *