গাড়ি কেনার সময় ডিলারদের জোর জবরদস্তি খতম! IRDAI-এর এক কড়া নির্দেশেই বদলে যাচ্ছে বিমার খেলা!

নতুন গাড়ি কেনার আনন্দ মুহূর্তে মাটি হয়ে যায় যখন শোরুমের ডিলাররা নিজেদের ইচ্ছা মতো চড়া দামে কার ইনস্যুরেন্স বা মোটর বিমা কিনতে বাধ্য করেন। বহু ক্ষেত্রেই অভিযোগ ওঠে, বাইরে থেকে কম দামে একই সুবিধা মিললেও ডিলারের থেকে বিমা না নিলে ক্যাশলেশ সার্ভিস বা গাড়ি ডেলিভারিতে হেনস্থার হুমকি দেওয়া হয়। তবে এবার ডিলারদের এই একছত্র দাপটে রাশ টানতে বড় পদক্ষেপ নিতে চলেছে দেশের বিমা নিয়ন্ত্রক সংস্থা IRDAI (Insurance Regulatory and Development Authority of India)।

সংস্থার নতুন প্রস্তাবিত নীতি কার্যকর হলে গাড়ি ক্রেতারা শোরুমে বসেই ডিজিটাল প্ল্যাটফর্ম বা অনলাইনে বিকল্প বিমা বেছে নেওয়ার সম্পূর্ণ অধিকার পাবেন।

বিশাল কমিশন ও প্রিমিয়ামের পরিসংখ্যান

আইআরডিএআই-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে মোটর বিমার প্রিমিয়াম বেড়েছে প্রায় ৩৪ শতাংশ। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, একই সময়ে বিমা বণ্টনের কমিশন বেড়েছে অবিশ্বাস্য ২৫৯ শতাংশ।

  • ২০২৫ সালে মোটর বিমায় গড় কমিশনের হার ছিল প্রায় ২৪ শতাংশ, যা ক্ষেত্রবিশেষে ১৩ থেকে ৫০ শতাংশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল।

  • বর্তমানে ব্রোকার এবং মোটর ইনস্যুরেন্স সার্ভিস প্রোভাইডাররা মিলে মোটর বিমা বাজারের প্রায় ৩০ শতাংশ নিয়ন্ত্রণ করে। তারা প্রায় ২৯,০০০ কোটি টাকার প্রিমিয়াম সংগ্রহ করে যার বিপরীতে প্রায় ৭,০৫০ কোটি টাকা কেবল কমিশন হিসেবেই পকেটে পুরেছে।

  • নতুন গাড়ির ক্ষেত্রে ব্রোকারদের গড় কমিশন ছিল প্রায় ২৭ শতাংশ এবং থার্ড-পার্টি বিমার কমিশন ৪.৩ শতাংশ থেকে লাফিয়ে হয়েছে ২২ শতাংশ।

কী কী পরিবর্তনের প্রস্তাব এনেছে IRDAI?

ডিলারদের এই বিশাল কমিশনের ধাক্কা থেকে সাধারণ গ্রাহকদের বাঁচাতে এবং কেনাকাটায় স্বচ্ছতা আনতে একাধিক বড় নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে সংস্থাটি:

১. কিউআর কোড বাধ্যতামূলক: শোরুমে গাড়ি কেনার সময় ডিলারকে কেবল নিজস্ব বিমা বিক্রির চেষ্টা করলেই চলবে না। ক্রেতাদের সামনে ডিজিটাল প্ল্যাটফর্মের (যেমন ‘বিমা সুগম’) বিকল্প জানাতে হবে এবং শোরুমে কিউআর কোড (QR Code) প্রদর্শন করা বাধ্যতামূলক করতে হবে। ২. পছন্দমতো বিমা বাছার স্বাধীনতা: গ্রাহক চাইলে কিউআর কোড স্ক্যান করে অনলাইন থেকেই নিজের সুবিধাজনক বিমা সংস্থা ও প্ল্যান বেছে নিতে পারবেন। ৩. পরিষেবায় বৈষম্য নিষিদ্ধ: অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুযায়ী, ডিলারের থেকে বিমা না কেনার কারণে কোনো গ্রাহককে বিক্রয়োত্তর পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না। শর্ত পূরণ করলে অন্য জায়গা থেকে নেওয়া বিমাতেও ডিলার ক্যাশলেশ রিপেয়ার (Cashless Repair) সার্ভিস দিতে বাধ্য থাকবে।

কবে থেকে কার্যকর হবে?

এটি বর্তমানে চূড়ান্ত খসড়া বা প্রস্তাবিত কাঠামো হিসেবে পেশ করা হয়েছে। আইআরডিএআই সমস্ত সংশ্লিষ্ট পক্ষ, গাড়ির ডিলার ও সাধারণ মানুষের থেকে মতামত চেয়েছে। সমস্ত পরামর্শ ও পর্যালোচনার পরেই দেশের বাজারে এটি চূড়ান্ত নিয়ম হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে নতুন গাড়ি কেনার বাজারে যে গ্রাহকদেরই জয়জয়কার হবে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *