তৃণমূল ছাড়ার পরেই বড় উপহার! জাতীয় স্তরে পদের বন্যায় ভাসলেন দেব, ইউসুফ ও রচনারা

তৃণমূল কংগ্রেসের পাট চুকিয়ে নতুন রাজনৈতিক দল ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া’ (NCPI)-তে যোগ দেওয়া বিক্ষুব্ধ নেতারা এবার জাতীয় স্তরে নিজেদের সাংগঠনিক ভিত শক্ত করতে ময়দানে নামলেন। দল গঠনের পর এতদিন সেভাবে কোনো পোক্ত সাংগঠনিক কাঠামো না থাকলেও, এবার জাতীয় স্তরে নতুন পদাধিকারীদের নাম ঘোষণা করে চমক দিল এই নতুন দল। দলের জাতীয় সভাপতি জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একাধিক হেভিওয়েট নেতার কাঁধে তুলে দেওয়া হয়েছে বড় দায়িত্ব।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দলের জাতীয় সভাপতি পদে বহাল রয়েছেন জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় নিজেই। তবে সবথেকে বড় আকর্ষণ হল সহ-সভাপতি পদের তালিকা। জাতীয় সহ-সভাপতি হিসেবে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় সাংসদ-তারকা দীপক অধিকারী (দেব), ইউসুফ পাঠান, রচনা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা পাঁজা, আবু তাহের খান এবং জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। এই ৬ হেভিওয়েট নেতা-নেত্রীকে সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে জাতীয় রাজনীতিতে বড় বার্তা দিতে চাইছে দল।

পাশাপাশি, জাতীয় সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তীয় কুণ্ডু, মিতালি বাগ, বাপি হালদার, সুলেখা ভুইয়া, বিবেক মিশ্র এবং শুভেন্দু চক্রবর্তীকে। এছাড়া বিভিন্ন রাজ্য ও জাতীয় স্তরের দায়িত্ব সামলাতে অভিষেক মুখোপাধ্যায়, কল্লোল চক্রবর্তী, বাপ্পা সর্দার-সহ আরও একঝাক তরুণ ও অভিজ্ঞ মুখকে জাতীয় সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। দলের কোষাধক্ষ্য হয়েছেন স্বরূপ জয়সওয়াল এবং যুগ্ম কোষাধক্ষ্য সুদাম জেটি।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসেই প্রায় ২০ জন তৃণমূল সাংসদ দল ছেড়ে NCPI-তে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই সময় থেকেই এই দলত্যাগ এবং লোকসভার স্পিকারের কাছে তৃণমূলের করা দলবদল বিরোধী আইনি আবেদন নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। আইনি লড়াইয়ের এই চাপানউতোরের মাঝেই এবার নিজেদের সংগঠনকে ছকে ফেলতে একের পর এক বড় পদক্ষেপ করতে শুরু করল এই নতুন রাজনৈতিক দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *