নিরাপত্তা দেওয়া সত্ত্বেও কেন হামলা? মহুয়া মৈত্রের মামলার জরুরি শুনানিতে কী সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট?

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে সম্প্রতি ঘটে যাওয়া হামলা ও বিক্ষোভের ঘটনায় বড় ধাক্কা খেলেন সাংসদ। মহুয়াকে ঘিরে হওয়া বিক্ষোভের মামলার জরুরি শুনানি করতে সোমবার সপষ্টতই অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। এ দিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি উল্লেখ করা হলেও আদালত জানিয়েছে, এই বিষয়ে পূর্বে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। ফলে নতুন করে অগ্রাধিকার দিয়ে এই মামলার শুনানিতে রাজি হয়নি আদালত।

সম্প্রতি কৃষ্ণনগর লোকসভার তেহট্টের হাউলিয়া পার্ক মোড়ে দলীয় কার্যালয়ে কর্মী-বৈঠক করতে গিয়েছিলেন মহুয়া। অভিযোগ, তিনি সেখানে পৌঁছতেই একদল জনতা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বৈঠক শেষে সাংসদ বাইরে বেরোতেই তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয় এবং ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ভিড়ের মধ্য থেকে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলেও অভিযোগ ওঠে।

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সামাজিক মাধ্যমে লাইভে আসেন মহুয়া। তাঁর সরাসরি অভিযোগ ছিল, পুলিশ বিক্ষোভকারীদের না সামলে উল্টে তাঁকেই জোর করে গাড়িতে তুলে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। আদালতে সাংসদের আইনজীবী দাবি করেন, এর আগে আদালত নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিলেও বাস্তবে পর্যাপ্ত সুরক্ষা পাওয়া যায়নি। এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের পূর্বে করা মন্তব্যের রেশ টেনে তেহট্টের ঘটনা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন মহুয়া। তবে সব দিক খতিয়ে দেখে আদালত জানিয়ে দিয়েছে, নিরাপত্তার বিষয়ে আদালত আগেই স্পষ্ট নির্দেশ দিয়েছে, ফলে আপাতত এই মামলায় বাড়তি গুরুত্ব দিতে নারাজ বিচারপতির বেঞ্চ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *