সাড়ে ১৩ বিলিয়ন ডলার বরাদ্দ, চিপ তৈরিতে চিনকে টেক্কা দিতে কোন মেগা ছক কষলেন প্রধানমন্ত্রী মোদি?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর রমরমা বাড়ার সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে সেমিকন্ডাক্টরের চাহিদা। আর এই প্রযুক্তির মূল চালিকাশক্তি অর্থাৎ সেমিকন্ডাক্টর তৈরিতে বিশ্বজুড়ে এক নম্বর গন্তব্য হয়ে ওঠার মেগা পরিকল্পনা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে শুরু হওয়া হাই-প্রোফাইল ‘সেমিকন ইন্ডিয়া ২০২৬’ (SEMICON India) সম্মেলনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, দেশের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে সরকার সব ধরনের পদক্ষেপ করছে এবং ভারতের অর্থনীতির ওপর বিশ্ববাসীর আস্থা দিন দিন বাড়ছে।

দিল্লির যশভূমিতে আয়োজিত তিন দিনব্যাপী এই মেগা সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর মিশন ২.০-এর বরাদ্দ ৮ বিলিয়ন মার্কিন ডলার থেকে বাড়িয়ে সরাসরি ১৩.৫ বিলিয়ন মার্কিন ডলার করার কথা ঘোষণা করেন। এখনও পর্যন্ত দেশে মোট ১২টি চিপ তৈরির মেগা প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাঁর মতে, বর্তমান বিশ্বে গ্লোবাল কোম্পানিগুলি এমন একটি নির্ভরযোগ্য লোকেশন খুঁজছে যেখানে উৎপাদন সুনিশ্চিত করা সম্ভব, আর সেই জায়গায় ভারত নিজেকে এক নম্বর বিকল্প হিসেবে তুলে ধরতে পুরোপুরি প্রস্তুত।

তথ্য ও প্রযুক্তি মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের প্রায় ৩০০টি শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থা, ৬০০-র বেশি প্রতিনিধি এবং ১৫০ জন বিশিষ্ট বক্তা অংশ নিয়েছেন। মাইক্রন, এএমডি, ইন্টেল, টাটা ইলেকট্রনিক্স, ফক্সকন, আইবিএম রিসার্চের মতো বিশ্বের তাবড় টেক জায়ান্টগুলির শীর্ষ কর্তারা এই সম্মেলনে উপস্থিত রয়েছেন। স্টার্টআপ এবং তরুণ প্রজন্মকে উৎসাহ দিতে বিশেষ হ্যাকাথন ও ওয়ার্কফোর্স ডেভেলপমেন্টের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রযুক্তির দুনিয়ায় ভারতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এই পদক্ষেপে এখন গোটা বিশ্বের নজর দিল্লির দিকেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *