পুজোর আগে কেনাকাটায় বিরাট ভাটা! বিশ্বকর্মা প্রতিমা থেকে ফল-ফুল—দাম শুনেই কি পিছিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ?

বিশ্বকর্মা পুজোর আগে জমজমাট কেনাকাটার চেনা ছবিটা এবার যেন অনেকটাই উধাও। কারখানা, গ্যারেজ কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে আরাধনার আগের মুহূর্তে বাজারের দিকে তাকালে দেখা যাচ্ছে অন্য চিত্র। ফল-ফুল, পুজোর সামগ্রী থেকে শুরু করে বিশ্বকর্মা প্রতিমা—সবকিছু বাজারে সাজানো থাকলেও সেই তুলনায় বিকিকিনি অত্যন্ত কম। আর তাতেই মারাত্মক চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের কপালে।

ব্যবসায়ীদের দাবি, বিশ্বকর্মা পুজোর বাজার মানেই একসময় উপচে পড়া ভিড় ও ব্যস্ততা থাকত। কিন্তু এবারে বাজারের ছবিটা একেবারেই আলাদা। বাজারে ক্রেতাদের আনাগোনা থাকলেও জিনিসপত্রের চড়া দাম শুনেই অনেকেই পিছিয়ে যাচ্ছেন। ফল, ফুল, মালা, ধূপ-ধুনো থেকে শুরু করে প্রতিমার আকার ও সাজসজ্জার ওপর দাম বেশি থাকায় সাধারণ মানুষ ছোট ও কম দামি প্রতিমা বা সীমিত বাজেটের মধ্যেই কেনাকাটা সীমাবদ্ধ রাখছেন। ফলে বড় প্রতিমা বা বেশি দামি জিনিস বিক্রি হচ্ছে নামমাত্র।

অন্যদিকে ক্রেতাদের বক্তব্য, পুজোর আচার তো করতেই হবে, কিন্তু বর্তমান বাজারদর যেভাবে আগুন ছড়াচ্ছে, তাতে পকেটের কথা ভেবে হাত গুটিয়ে চলতে হচ্ছে। একদিকে আকাশছোঁয়া দাম আর অন্যদিকে বেচাকেনা তলানিতে ঠেকায় দুইয়ের জাঁতাকলে পড়ে বিপাকে ব্যবসায়ীরা। এখন পুজোর শেষ মুহূর্তের কটা দিনে বাজার ঘুরে দাঁড়ায় কি না, আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন বিক্রেতারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *