বিমান চালনায় চরম ঝুঁকি! পুজো মণ্ডপের আলো ঝলকানি নিয়ে প্রশাসন যে নির্দেশ দিল, তা না জানলে ফেঁসে যাবেন

দুর্গাপুজোর আনন্দ উদযাপনে আলোর রোশনাই বা লেজার শোয়ের আকর্ষণ বরাবরই আলাদা। কিন্তু সেই আলোর ঝলকানিই যদি দেশের আকাশসীমা ও বিমান চলাচলে বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়ায়? ঠিক এই আশঙ্কাজনক দিকটি মাথায় রেখেই আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে কাঁকসা থানার বিভিন্ন পুজো কমিটিকে লেজার শো না করার জন্য কড়া নির্দেশ দিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও ব্লক প্রশাসন।

বুধবার কাঁকসায় পুজো কমিটিগুলির প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের পানাগড়ে রয়েছে স্পর্শকাতর অর্জন সিং বায়ুসেনা ঘাঁটি, যা পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের আকাশসীমা সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ঘাঁটিতে নিয়মিত বায়ুসেনার বিমান ওঠানামা ছাড়াও মহড়া ও প্রশিক্ষণ চলে। পাশাপাশি, এই এলাকার উপর দিয়েই অন্ডাল বিমানবন্দরের বিমানগুলি চলাচল করে।

প্রশাসনের কর্তাদের মতে, পুজোর দিনগুলিতে মণ্ডপে লেজার শো করা হলে তার রঙিন ও তীব্র আলো আকাশে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এর ফলে বিমানচালকদের চোখ ধাঁধিয়ে যেতে পারে এবং তাঁরা মারাত্মক বিভ্রান্তির মুখে পড়তে পারেন। যা অসামরিক বিমান পরিষেবা ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় বিপদের ঝুঁকি তৈরি করতে পারে। এই সমস্ত দিক বিবেচনা করেই কাঁকসার সমস্ত পুজো কমিটিকে লেজার শো বা এই ধরনের বর্ণিল আলোর প্রদর্শন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের এই নির্দেশ অমান্য করা হচ্ছে কি না, তার ওপর কড়া নজরদারি চালাবে কাঁকসা থানার বিশেষ টিম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *