ভুয়ো ডাক্তার কাণ্ডে সরাসরি ফেঁসে গেলেন নির্মল মাজি-সুদীপ্ত রায়! বিধাননগর থানায় বিস্ফোরক এফআইআর ঘিরে রাজ্যজুড়ে হুলুস্থুল!

অভিযুক্ত পাঁচ চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিলের পর এবার আরও বড় মোড় নিল রাজ্যজুড়ে আলোড়ন ফেলা ভুয়ো চিকিৎসক কাণ্ড। রাজ্য মেডিকেল কাউন্সিলের প্রাক্তন সভাপতি নির্মল মাজি, বর্তমান সভাপতি সুদীপ্ত রায়, সহ-সভাপতি সুশান্ত রায় এবং রেজিস্ট্রার মানস চক্রবর্তীর বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের করা হয়েছে। একাধিক চিকিৎসকের পক্ষে ডক্টর রাজীব পাণ্ডে বিধাননগর কমিশনারেটের বিধাননগর দক্ষিণ থানায় এই অভিযোগ দায়ের করেছেন।

কী অভিযোগ আনা হয়েছে?

অভিযোগপত্রে স্পষ্ট জানানো হয়েছে যে, তৃণমূল কংগ্রেসের শাসনকালে রাজ্য মেডিকেল কাউন্সিলের এই শীর্ষ পদাধিকারীরা বিভিন্নভাবে ভুয়ো চিকিৎসকদের কার্যকলাপে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। যথাযথ নথি যাচাই না করেই টাকার বিনিময়ে বা অন্য কোনো উপায়ে ভুয়ো ডাক্তারদের ডাক্তারি রেজিস্ট্রেশন ইস্যু করার বিরাট কারবার ফেঁদে বসেছিল এই কাউন্সিল। শুধু তাই নয়, কেলেঙ্কারির খবর প্রকাশ্যে আসতেই কাউন্সিলের ভিতর থেকে সমস্ত প্রমাণ ও নথি লোপাট করে দেওয়ার চেষ্টা চলছে বলেও তীব্র আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ইতিমধ্যেই স্বাস্থ্য ভবন এই চাঞ্চল্যকর বিষয়টির পৃথক তদন্ত শুরু করেছে। তবে চিকিৎসকদের একটি বড় মহলের সরাসরি এই আইনি পদক্ষেপ এবং শীর্ষ কাউন্সিলের কর্ণধারদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হওয়ার ঘটনায় স্বাস্থ্য মহলে ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক কোন্দল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *