স্বাস্থ্যসাথীতে কোটি কোটি টাকার পুকুরচুরি! সিএজি অডিট রিপোর্টের চাঞ্চল্যকর তথ্যে কপালে হাত সকলের

তৃণমূল কংগ্রেস আমলের জনপ্রিয় সরকারি স্বাস্থ্য প্রকল্প ‘স্বাস্থ্যসাথি’ (Swastha Sathi Scheme) ঘিরে দুর্নীতির অভিযোগ নিয়ে শোরগোল পড়ে গেছে। সম্প্রতি প্রকাশিত সিএজি (CAG) অডিট রিপোর্টে এই প্রকল্পে একের পর এক চাঞ্চল্যকর অনিয়ম ও দুর্নীতির তথ্য সামনে এসেছে। শুধু কার্ডের হিসাব বা সুবিধাভোগী চিহ্নিতকরণই নয়, বরং বেসরকারি হাসপাতালগুলির গ্রেডিং এবং প্যাকেজ নির্ধারণেও মারাত্মক জালিয়াতির হদিশ মিলেছে।
ভুল গ্রেডে অতিরিক্ত টাকা প্রদান
সিএজি-র অডিট রিপোর্ট অনুযায়ী, নিয়ম ভেঙে একাধিক বেসরকারি হাসপাতালকে ভুল বা উচ্চতর গ্রেড পাইয়ে দেওয়া হয়েছে। এর ফলে চিকিৎসা প্যাকেজের অতিরিক্ত প্রায় ১৪.৪৮ কোটি টাকা বেআইনিভাবে প্রদান করা হয়েছে বলে অভিযোগ। স্বাস্থ্যসাথি প্রকল্পে মূলত সুবিধাভোগী চিহ্নিতকরণ, অযোগ্য বা ডুপ্লিকেট কার্ড রোধ, আধার যাচাই এবং হাসপাতালের গ্রেডিং—এই চারটি বড় ক্ষেত্রে মারাত্মক নিয়ন্ত্রণের ঘাটতি ধরা পড়েছে।
হাসপাতালের গ্রেডিংয়ে বড়সড় অনিয়ম
স্বাস্থ্যসাথির নিয়মানুযায়ী, তালিকাভুক্ত নার্সিংহোম বা হাসপাতালগুলির পরিকাঠামো, শয্যা সংখ্যা, জরুরি পরিষেবা এবং অন্যান্য সুবিধার ভিত্তিতে গ্রেড (Grade-A, Grade-B, Grade-C, Grade-R) নির্ধারণ করা হয়। গ্রেডের ওপর নির্ভর করেই হাসপাতালের চিকিৎসা প্যাকেজের অর্থ নির্ধারিত হয়—অর্থাৎ উচ্চ গ্রেডের হাসপাতাল বেশি টাকা পায়।
কিন্তু ৫টি জেলার মোট ৫০টি তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল পরীক্ষা করে সিএজি দেখতে পেয়েছে যে, এর মধ্যে ৩১টি হাসপাতালের গ্রেডেই বড় ধরনের গরমিল রয়েছে। যেমন—
-
৫টি Grade-A হাসপাতালের গ্রেড কমানো উচিত ছিল (যার মধ্যে ৩টির Grade-B এবং ২টির Grade-C হওয়া বাঞ্ছনীয় ছিল)।
-
২৪টি Grade-B হাসপাতালের গ্রেডও কমানো দরকার ছিল, যার মধ্যে ২৩টি আসলে Grade-C হওয়ার যোগ্য।
বাস্তবে কম পরিকাঠামো বা ছোট হাসপাতাল হওয়া সত্ত্বেও সেগুলিকে উচ্চতর গ্রেড দেখিয়ে অতিরিক্ত সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।