মিতালির রেকর্ড গুঁড়িয়ে ইতিহাস শ্রী চরনির! লঙ্কা বধের পরই বিশ্ব ক্রিকেটে নতুন নজির ভারতীয় তারকার

টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসি ক্রমতালিকায় এক অনন্য রেকর্ড গড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের বোলার শ্রী চরনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে বল হাতে মাত্র ২০ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। আর এর ফলেই তাঁর মোট রেটিং পয়েন্ট গিয়ে পৌঁছেছে ৮০৪-এ।
মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং ও বোলিং—উভয় বিভাগ মিলিয়ে এটিই এখনও পর্যন্ত কোনো ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ড। এর আগে এই শীর্ষস্থানটি ছিল প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের দখলে, যিনি ২০১১ সালে ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৭৮০ পয়েন্ট অর্জন করেছিলেন। দীর্ঘ ১৪ বছর পর সেই মাইলফলক পেছনে ফেলে এক নতুন উচ্চতায় পৌঁছলেন চরনি। এই তালিকায় তাঁর পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন এই টুর্নামেন্টের সর্বাধিক ১৪ উইকেট শিকারি দীপ্তি শর্মা, যাঁর রেটিং ৭২৯ পয়েন্ট। অন্যদিকে, মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালীন সর্বাধিক রেটিং পয়েন্টের বিশ্বরেকর্ডটি রয়েছে অস্ট্রেলিয়ার পেসার মেগান স্কাটের (৮০৬ পয়েন্ট) নামে, যা থেকে মাত্র কয়েক পয়েন্ট দূরে রয়েছেন ভারতীয় এই স্পিনার।
উল্লেখ্য, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে পরাজিত করে রেকর্ড অষ্টমবারের মতো ট্রফি জিতেছে ভারতীয় দল। প্রথমে ব্যাট করে ভারত ৫ উইকেটে ১৮৩ রান তোলার পর, বোলারদের দাপটে শ্রীলঙ্কাকে ১১১ রানের মধ্যেই আটকে দেয় টিম ইন্ডিয়া।