‘তুঝে দেখা তো…’ থেকে ‘সাথি হাত বাড়ানা’: ব্রিকস সম্মেলনেই বিশ্বমঞ্চে কেন এমন ম্যাজিক দেখালেন আনোয়ার ইব্রাহিম?

নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস (BRICS) সম্মেলন শেষ হলেও বিশ্বজুড়ে তার রেশ এখনও তাজা। তবে কূটনৈতিক বৈঠক ছাপিয়ে নেটপাড়ায় সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে। ভারত সফরে এসে তিনি যেভাবে নিজের প্রতিটি ইনস্টাগ্রাম পোস্টে বলিউডের কালজয়ী গানগুলিকে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বেছে নিয়েছেন, তাতে মুগ্ধ ভারতবাসী সহ বিশ্বজুড়ে থাকা কোটি কোটি নেটিজেন।
সোশ্যাল মিডিয়ায় বলিউড সুরের জাদু
সম্মেলনের মূল কেন্দ্রস্থল ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, সেই বিশেষ মুহূর্তের ভিডিয়োতে ইব্রাহিম ব্যবহার করেন ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েনগে’ ছবির জনপ্রিয় গান ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে নিজের আরও একটি ছবির ব্যাকগ্রাউন্ডে তিনি জুড়ে দেন ‘দিল তো পাগল হ্যায়’ ছবির শিরোনাম গানটি। আবার ভারত থেকে বিদায় নেওয়ার সময় ‘লক্ষ্য’ ছবির ‘কান্ধোঁ সে মিলতে হ্যায় কান্ধেঁ’ গানটি বেছে নেন তিনি।
বন্ধুত্বের বার্তায় ‘সাথি হাত বাড়ানা’
কূটনৈতিক মহলের নজর কেড়েছে আন্তর্জাতিক নেতাদের সঙ্গে তাঁর সাক্ষাতের মিউজিক চয়েস। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে নৈশভোজের ছবিটিতে তিনি ব্যবহার করেন ‘বীর-জারা’ ছবির ‘আইসা দেস হ্যায় মেরা’ গানটি। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের ছবিতে ১৯৫৭ সালের ‘নয়া দৌড়’ ছবির বিখ্যাত গান ‘সাথি হাত বাড়ানা’ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ছবি পোস্ট করার সময় ‘লগান’ ছবির অনুপ্রেরণামূলক গান ‘চলে চলো’ বাজিয়ে তাক লাগিয়ে দেন তিনি।
উল্লেখ্য, ৩২টি দেশের প্রতিনিধি দলের অংশগ্রহণে আয়োজিত এই ব্রিকস সম্মেলন অত্যন্ত সফল হয়েছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে নানা উত্তেজনার মাঝেও ভারতের এই কূটনৈতিক মঞ্চে এমন সুরের মূর্ছনা নেটদুনিয়ায় এক আলাদা আলোচনার সৃষ্টি করেছে।