পুজোর আর মাত্র কদিন বাকি, এরই মধ্যে বাগবাজার পুজো কমিটি নিয়ে এল বিরাট সুখবর!

শহরের অন্যতম ঐতিহ্যবাহী বাগবাজার সর্বজনীন দুর্গাপুজো নিয়ে তৈরি হওয়া আইনি জট অবশেষে কাটল। পুজো কমিটির গঠন প্রক্রিয়া ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল যে কমিটি গঠনের এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ সঠিক। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত মামলায় সিটি সিভিল কোর্টের দেওয়া নির্দেশই বহাল রেখেছে।
বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী, মামলার আবেদনকারী রবিশঙ্কর সেনগুপ্ত ও অন্যান্যদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। সিটি সিভিল কোর্টের নির্দেশে যে পদ্ধতিতে কমিটি গঠন করা হয়েছিল, তাকেই আইনি মান্যতা দিয়েছে আদালত। ফলে, এ বারের দুর্গাপুজো হওয়া নিয়ে যে জল্পনা ও সংশয় তৈরি হয়েছিল, তা পুরোপুরি দূর হয়ে গেল।
কী ছিল পুরো বিতর্ক?
জানা গিয়েছে, বাগবাজার পুজো কমিটি এবং ক্লাব পরিচালন কমিটির জন্য ১৪ সদস্যের ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজন হয়। ভোটাভুটির পর দেখা যায়, ১২ জন ম্যানেজিং কমিটির মধ্যে চার জনের প্রাপ্ত ভোট সংখ্যা একই এবং সম্পাদক পদের দুই প্রার্থীর ভোট সংখ্যাও ‘টাই’ হয়। এর পরেই এক পক্ষ নিম্ন আদালতের দ্বারস্থ হয়। সিটি সিভিল কোর্ট নির্দেশ দিয়েছিল যে, কাস্টিং ভোটের মাধ্যমে ১০ সেপ্টেম্বরের মধ্যে এই কমিটি গঠন করতে হবে।
নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন জানান ক্লাব সদস্য রবিশঙ্কর সেনগুপ্ত ও অন্যান্যরা। তাঁদের দাবি ছিল, নিম্ন আদালতের নির্দেশ অনুযায়ী যেভাবে কাস্টিং ভোট করা হয়েছে সেই প্রক্রিয়া সঠিক নয়। তবে এ দিন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য সেই দাবি খারিজ করে কমিটি গঠনের প্রক্রিয়াকে সঠিক বলে রায় দেন। ঠিক এক মাস বাদেই দুর্গাপুজো, আর এর মধ্যেই বাগবাজার কমিটি গঠনের জট হাইকোর্টে কেটে যাওয়ায় এখন মহা সমারোহে পুজোর প্রস্তুতি শুরু হওয়ার পথ প্রশস্ত হল।