বিজেপি বিধায়কের অনুগামীদের তাণ্ডবে বন্ধ সার কারখানা! দমদমে হামলা ও মারধরের ঘটনায় শোরগোল!

রাজ্যে পালাবদলের পরও কি দাপট কমছে না দুষ্কৃতীদের? তোলাবাজি ও ত্রাসের রাজত্ব কায়েম রাখার অভিযোগ এবার উঠল খোদ শাসক শিবিরের দিকেই। দমদমের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে অবস্থিত ‘ইস্টার্ন অর্গানিক ফার্টিলাইজার’ নামক একটি সার কারখানায় ভয়াবহ হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল। অভিযোগের তীর খোদ স্থানীয় এক বিজেপি বিধায়কের অনুগামীদের দিকে। এই ঘটনার জেরে বর্তমানে সম্পূর্ণ বন্ধ রয়েছে কারখানাটি।

ঠিক কী অভিযোগ কারখানা কর্তৃপক্ষের?

জানা গিয়েছে, দমদমের ৫টি পৌরসভার আবর্জনা সংগ্রহ করে তা থেকে জৈব সার তৈরি করা হতো এই কারখানায়। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, গত শনিবার রাতে হঠাৎই প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দুষ্কৃতী দল কারখানার চত্বরে চড়াও হয়। তারা নিজেদের স্থানীয় বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সীর লোক বলে পরিচয় দেয়।

কর্তৃপক্ষের দাবি, হামলাকারীরা হুমকি দিয়ে জানায় যে কারখানায় শুধু তাদের ঠিক করে দেওয়া লোকজনকেই কাজ দিতে হবে। পাশাপাশি নিয়মিত মোটা অঙ্কের মাসোহারা দেওয়া এবং তাদের কথামতো নির্ধারিত জায়গা থেকেই সমস্ত নির্মাণ-সামগ্রী ও কাঁচামাল কেনার ফতোয়া জারি করা হয়। বাধা দিতে গেলে কর্মীদের বেধড়ক মারধর করা হয় এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে তা স্থানীয় দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এই চরম আতঙ্ক ও হুমকির পরিবেশের জেরে বাধ্য হয়েই কারখানার উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। ঘটনার পরই আতঙ্কিত কর্তৃপক্ষ পুলিশের সাইবার ক্রাইম ও ইমেল মারফত গোটা বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কী বলছেন অভিযুক্ত বিধায়ক?

যদিও সমস্ত অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন অভিযুক্ত বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী। তাঁর পালটা দাবি, ঘটনার সঙ্গে তাঁর বা তাঁর দলের বিন্দুমাত্র কোনো যোগ নেই। স্থানীয় স্তরে ছোটখাটো কোনো সমস্যা হয়ে থাকতে পারে, তবে সুযোগ পেলেই বিরোধীরা বা রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির নাম জড়িয়ে কুৎসা রটানোর চেষ্টা করছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, যা ঘটেছে তা কোনোভাবেই কাম্য নয়, তবে তাঁর ওপর ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *