বিগ বসের ঘরে ঢুকেই পওয়ার গেম শুরু জীতুর! নমিনেশনের হাত থেকে বাঁচাবেন কাকে?

‘বিগ বস বাংলা’র ঘরে সদ্যই দ্বিতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে পা রেখেছেন জনপ্রিয় অভিনেতা জীতু কামাল। আর ঘরে প্রবেশ করতেই তাঁর হাতে চলে এসেছে এক বিশেষ ক্ষমতা। কিন্তু হঠাৎ এমন কী হলো যে গোটা বাড়িকেই খেসারত দিতে হলো?
উইকেন্ডের এপিসোডে দেখা গিয়েছে, বিগ বস হাউজের বাসিন্দাদের ওপর বেজায় চটে রয়েছে শোয়ের কর্তৃপক্ষ। নিয়মের তোয়াক্কা না করে কেউ মাইক না পরা, ফিসফিস করে কথা বলা, বাথরুম বা রান্নাঘর পরিষ্কার না রাখার পাশাপাশি হিন্দি কিংবা ইংরেজি ভাষায় কথা বলার মতো একাধিক নিয়ম লঙ্ঘন করেছেন প্রতিযোগীরা। আর সেই অপরাধেই বিগ বস শাস্তি হিসেবে ঘরের সমস্ত প্রতিযোগীকে একসঙ্গে নমিনেট করে দেন।
জীতুর হাতে বিশেষ ক্ষমতা
তবে এই দলগত নমিনেশনের বাইরে রয়েছেন দ্বিতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি জীতু কামাল। শুধু তাই নয়, তাঁর হাতে রয়েছে এক মোক্ষম অস্ত্র। নিয়ম ভাঙার জেরে বিপদে পড়া প্রতিযোগীদের মধ্যে থেকে যে কোনো একজনকে এই নমিনেশনের হাত থেকে বাঁচানোর ক্ষমতা দেওয়া হয়েছে তাঁকে। এখন দেখার বিষয়, মনামী ঘোষ, ভরত কল নাকি অন্য কাউকেই বিপদের হাত থেকে রক্ষা করেন জীতু!
প্রথম দিনেই রাজীরের সঙ্গে গোল বাঁধল জীতু কামালের!
এদিকে ঘরে ঢুকতেই জীতুর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন রাজবীর দে। আড্ডার মাঝে জীতু রাজবীরকে আলাদা কথা বলার জন্য হাত ধরে টানলে বেজায় বিরক্ত হন রাজবীর। শুরু হয় তীব্র কথা কাটাকাটি। নন্দিনী দত্ত ও ভরত কলের উপস্থিতিতে সেই বিবাদ চরমে ওঠে। জীতু দাবি করেন রাজবীর অতিরিক্ত রিঅ্যাক্ট করছেন, আর রাজবীর সাফ জানিয়ে দেন তিনি সহজে দমে যাওয়ার পাত্র নন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় চলা এই জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে জীতুর এন্ট্রি যে খেলার মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিল, তা বলাই বাহুল্য।