বিহারে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে না! অমিত শাহের দাবিকে সরাসরি উড়িয়ে দিলেন জেডিইউ বিধায়ক!

বিহারে অভিন্ন দেওয়ানী বিধি (UCC) কোনোভাবেই কার্যকর করা হবে না। রাজ্যের বিজেপি সরকারের শরিক দল জনতা দল‌ ইউনাইটেডের (JDU) প্রবীণ নেতা ও বিধায়ক শ্যাম রজক সোমবার সাফ জানিয়ে দিয়েছেন যে, তাঁরা যদি না চান তবে বিজেপি সরকার একা এই সিদ্ধান্ত বাস্তবায়িত করতে পারবে না।

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন যে, বিজেপি ও এনডিএ পরিচালিত ২১ রাজ্যে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই অভিন্ন দেওয়ানী বিধি চালু করা হবে। শাহের সেই ঘোষণার প্রেক্ষিতেই সোমবার তীব্র প্রতিক্রিয়া জানান শ্যাম রজক। নীতীশ কুমারের দলের এই প্রবীণ নেতার দ্ব্যর্থহীন ঘোষণা, সংসদে এই সংক্রান্ত আইনে সায় দেওয়ার সময়ই জেডিইউ-র তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে, এই বিধি বিহারে কার্যকর হবে না এবং তাঁরা নিজেদের সেই অবস্থানে সম্পূর্ণ অনড় রয়েছেন।

রাজনৈতিক মহলের মতে, শ্যাম রজকের এই মন্তব্যের নেপথ্যে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সবুজ সংকেত রয়েছে। যদিও বিজেপি পরিচালিত সম্রাট চৌধুরীর সরকার কিংবা পদ্ম শিবিরের রাজ্য নেতারা এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে এই ইস্যুতে যে আগামী দিনে বিজেপি ও জেডিইউ-র মধ্যকার সম্পর্কে টানাপোড়েন আরও বাড়বে, তা একপ্রকার নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *